TOP NEWS

ভাড়া বাড়ছে ট্রেনের: ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া, ‘নামমাত্র’ বৃদ্ধি দাবি রেলের

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বাড়ছে ট্রেনের ভাড়া। নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করল ভারতীয় রেলওয়ে। লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হল না। তবে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। অবশ্য রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘নামমাত্র’ ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এতে রেলের সাধারণ যাত্রীদের পকেটে চাপ পড়ার কোনও আশঙ্কা নেই। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে রেলের ক্রমাগত খরচ বৃদ্ধিকেই হাতিয়ার করেছে মন্ত্রক। ‘সামান্য’ ভাড়া বৃদ্ধি থেকে অবশ্য শুধুমাত্র চলতি বছরেই রেলের আয় হতে চলেছে প্রায় ৬০০ কোটি টাকা।

ভারতীয় রেল জানিয়েছে, রেলের নতুন ভাড়া কাঠামোয় ২১৫ কিমির বেশি দূরত্বের ক্ষেত্রে সাধারণ (অর্ডিনারি) শ্রেণিতে প্রতি কিমি ১ পয়সা, আর মেইল/এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং সব এসি শ্রেণিতে ২ পয়সা প্রতি কিমি ভাড়া বাড়বে এ পরিবর্তন দীর্ঘ দূর যাত্রায় কার্যকরী হবে। তবে ২১৫ কিমি পর্যন্ত সাধারণ শ্রেণির ভাড়া এবং শহরতলীর রেল ও মাসিক সিজন টিকিটে আপাতত কোনও বাড়তি চার্জ রাখছে না রেল। রেলের হিসাব অনুযায়ী, ৫০০ কিমি দূরত্বে নন-এসি কোডে একজন যাত্রীর অতিরিক্ত খরচ হবে মাত্র ১০ টাকা রেলের হিসাব অনুযায়ী, এই ভাঙাবৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে, যা দীর্ঘমেয়াদি অপারেটিং খরচ ও অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো হবে। আগের ভাড়া বৃদ্ধি, যা জুলাই ২০২৫-এ হয়েছিল। ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব জুগিয়েছে রেলের কোষাগারে।

গত দশকে রেলের নেটওয়ার্কে ব্যাপক সম্প্রসারণ, ট্রেন পরিচালনায় চাপ বৃদ্ধি এবং নিরাপত্তা খাতে ব্যয়ের বৃদ্ধি, এই সব মিলিয়ে অপারেশনাল খরচ বেড়েছে বহুগুণ। খরচ বৃদ্ধির প্রসঙ্গে রেল এদিন জানিয়েছে, ‘ম্যানপাওয়ার কস্ট’ বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ‘পেনশন কস্ট’ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে সামগ্রিক পরিচালনগত খরচ বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এই বাড়তি চাপ সামলাতে রেল মালবাহনে জেদর দেওয়ার পাশাপাশি সীমিত ভাড়ার পুনর্বিন্যাসের পথ নিয়েছে বলে রেল মন্ত্রকের বিবৃতি জানিয়েছে। রেদের যুক্তি, এই সব কারণেই যাত্রীভাড়া বাড়াতে হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে রেলের ভাড়ায় যে পরিবর্তন হয়েছিল, তাতে মেল, এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বেড়েছিল। তা এবার বৃদ্ধি পেয়ে প্রতি কিমিতে দু’পয়সা করা হচ্ছে। সেইসময় ট্রেনের সেকেন্ড ক্লাস অর্ডিনারি শ্রেণিতে প্রথম ৫০০ কিমি পর্যন্ত কোনও ভাড়া বৃদ্ধি পায়নি। স্লিপার ক্লাস অর্ডিনারি এবং ফার্স্ট ক্লাস অর্ডিনারি শ্রেণিতে প্রতি ২ কিামি এক পয়সা ভাড়া বেড়েছিল। এবার সার্বিকভাবেই ট্রেনের অর্ডিনারি শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ‘মাপকাঠি’ রাখা হয়েছে। অর্থাৎ, সাধারণ মধ্যবিত্ত রেল যাত্রীদের পকেটে চাপ পড়ছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!