ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে দেশের রাজধানী দিল্লিতে নাশকতার ছক ও উত্তেজনার বাতাবরণ তৈরির চেষ্টা ব্যর্থ করে দিল দিল্লি পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের প্ররোচনায় দিল্লির দুটি স্থানে খলিস্তানি স্লোগান লেখার অভিযোগে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, এই পুরো ষড়যন্ত্রের নীলনকশা তৈরি হয়েছিল কানাডায়। পান্নুনের এক ঘনিষ্ঠ সহযোগী, যিনি কানাডায় বসে এই অভিযান পরিচালনা করছিলেন, তিনি দিল্লির বাসিন্দা বলজিন্দর এবং রোহিত ওরফে কিরাতকে এই কাজের জন্য নিয়োগ করেন। দিল্লিতে ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান লেখার বিনিময়ে তাদের ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ষড়যন্ত্রের মূল হোতা তিলক নগরের বাসিন্দা। তিনি ২৬ জানুয়ারির কয়েকদিন আগেই কানাডায় পাড়ি দেন এবং সেখান থেকেই পান্নুনের সাথে সরাসরি যোগাযোগ রাখছিলেন।
ধৃতদের মধ্যে বলজিন্দর পেশায় দিল্লিতে একজন অ্যাম্বুলেন্স চালক। রোহিত তার সহযোগী হিসেবে কাজ করত। তারা স্লোগান লিখে রাজধানীতে অস্থিরতা তৈরি করতে চেয়েছিল যাতে প্রজাতন্ত্র দিবসের আগে বিশ্বজুড়ে ভুল বার্তা যায়।
কয়েক সপ্তাহ আগেই পান্নুন একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিশৃঙ্খলা তৈরির হুমকি দিয়েছিলেন। ভিডিওতে দাবি করা হয়েছিল যে, রোহিনী এবং ডাবরি এলাকায় খলিস্তানি পোস্টার লাগানো হয়েছে। তবে স্পেশাল সেলের প্রাথমিক তদন্তে তখন কোনো পোস্টারের হদিস মেলেনি। কিন্তু পুলিশি নজরদারি জারি ছিল, যার ফলে বুধবার এই বড় সাফল্য পেল ক্রাইম ব্রাঞ্চ। বর্তমানে ধৃতদের জেরা করে এই চক্রের অন্যান্য সদস্যদের এবং কোনো ‘স্লিপার সেল’-এর অস্তিত্ব আছে কি না, তা জানার চেষ্টা চলছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই পান্নুনের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য এবং দেশবিরোধী কাজের অভিযোগে এফআইআর (FIR) দায়ের করেছে।
