TOP NEWS

১৭০ দিন পর জেল মুক্তি ওয়াংচুকের, মোদী সরকারের তীব্র সমালোচনা অখিলেশ

(Activist Sonam Wangchuk. || File Photo)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন লাদাখের বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা আইন (NSA) বা ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট’-এর ধারাসমূহ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, সোনম ওয়াংচুকের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, লাদাখে শান্তি, স্থায়িত্ব এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে, লাদাখের জনগণের আকাঙ্ক্ষা ও সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে সরকার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা বনধ ও আন্দোলনের ফলে ছাত্রছাত্রী, পর্যটন শিল্প এবং স্থানীয় অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা উল্লেখ করে শান্তি ফিরিয়ে আনার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, এনএসএ আইনের আওতায় নির্ধারিত মেয়াদের প্রায় অর্ধেক সময় ওয়াংচুক ইতিমধ্যেই কারাভোগ করেছেন।

সোনম ওয়াংচুকের মুক্তির পরেই সরব হয়েছেন অখিলেশ যাদব। তিনি প্রশ্ন তুলেছেন, “প্রশ্ন হলো, তাঁকে জেলেই বা কেন পাঠানো হয়েছিল? তাঁকে জেলহাজতে পাঠানোই উচিত হয়নি।” অখিলেশের অভিযোগ, বিজেপি লাদাখবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নির্বাচনের আগে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিজেপি তা রক্ষা করেনি। বরং ওয়াংচুকের মতো যারা এই দাবির সমর্থনে আন্দোলন করছেন, তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!