ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভারতের বেদনাদায়ক ইতিহাস—আক্রমণ, পরাধীনতা ও অপমানের—জন্য দেশকে “প্রতিশোধ” নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শনিবার দিল্লিতে ‘বিকসিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রায় ৩,০০০ তরুণ প্রতিনিধির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন তিনি। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “তোমরা ভাগ্যবান যে স্বাধীন ভারতে জন্মেছ। আমি জন্মেছি পরাধীন ভারতে।” তিনি হিন্দিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়েছেন, অসংখ্য কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডোভাল মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ও ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, “ভগৎ সিংয়ের মতো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, সুভাষচন্দ্র বসু সারা জীবন সংগ্রাম করেছেন, আর আমাদের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীকে সত্যাগ্রহ করতে হয়েছে।”
বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বজুড়ে যত সংঘাত ও যুদ্ধ চলছে, তার মূল কারণ—কিছু দেশ অন্যদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় এবং সেই জন্য সমস্ত শক্তি ব্যবহার করে। কিন্তু আপনি যদি শক্তিশালী হন, তবে আপনি স্বাধীন থাকবেন। আত্মবিশ্বাস না থাকলে সব শক্তি ও অস্ত্রশস্ত্রই অর্থহীন।”
তিনি আরও বলেন, “আজ আমাদের দেশে এমন নেতৃত্ব রয়েছে—এটা আমাদের সৌভাগ্য।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেই ডোভাল যোগ করেন, “তাঁর অঙ্গীকার, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। নেপোলিয়নের একটি উক্তি মনে করিয়ে দিতে চাই—‘একটি ভেড়ার নেতৃত্বে থাকা এক হাজার সিংহকে আমি ভয় পাই না, কিন্তু একটি সিংহের নেতৃত্বে থাকা এক হাজার ভেড়াকে ভয় পাই।’”
এক পর্যায়ে ডোভাল বলেন, “আমরা একসময় একটি প্রগতিশীল সমাজ ছিলাম। আমরা অন্য সভ্যতা বা তাদের উপাসনালয়ে আক্রমণ করিনি। কিন্তু নিরাপত্তা নিয়ে আত্মসচেতন না থাকায় ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। অগণিত মানুষ প্রাণ হারিয়েছে, আমাদের মন্দির ধ্বংস হয়েছে, গ্রাম লুট হয়েছে, সভ্যতা বিপর্যস্ত হয়েছে—আর আমরা অসহায় নীরব দর্শক হয়ে থেকেছি।”
তিনি আরও বলেন, “ইতিহাস আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকের যুবসমাজের মধ্যে সেই আগুন রয়েছে। ‘প্রতিশোধ’ শব্দটি ভালো নাও শোনাতে পারে, কিন্তু এর শক্তি আছে। আমাদের মূল্যবোধের ভিত্তিতে একটি মহান ভারত গড়ে তুলে দেশের জন্য প্রতিশোধ নিতে হবে।”
