ডেইলি ডোমকল, মুম্বই: মহারাষ্ট্রে পুর নির্বাচনকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। আসন্ন উচ্চপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের প্রচারের মাঝেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। তিনি একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর ভবিষ্যৎকে ‘অন্ধকার’ বলে তোপ দাগলেন শিবসেনা প্রধান। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার এক টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে বিজেপির ‘হিন্দুত্ববাদী দল’ হওয়ার দাবি খারিজ করে দেন। তিনি সাফ বলেন, বিজেপি আদতে ক্ষমতালোভী একটি দল।
জনসংঘের ইতিহাস টেনে এনে ঠাকরে বলেন, যুক্ত মহারাষ্ট্র আন্দোলনে তারা দেরিতে যোগ দিয়েছিল এবং স্বার্থসিদ্ধি হয়ে গেলে প্রথমেই সরে পড়েছিল। তাঁর অভিযোগ, “বিজেপি কোনও হিন্দুত্ববাদী দল নয়। ওরা ক্ষমতার নেশায় বুঁদ। ওদের ডিএনএ-তেই সুযোগসন্ধানী রাজনীতি রয়েছে। সাধু সাজার ভান করে, ক্ষমতায় থাকার জন্য যে কারও সঙ্গে—এমনকি গুন্ডাদের সঙ্গেও—জোট বাঁধতে তারা পিছপা হয় না।”
বিজেপির ক্রমবিস্তারকে তিনি ‘এককোষী অ্যামিবা’-র সঙ্গে তুলনা করে বলেন, “এই দল সবকিছু গ্রাস করতে চায়।” আকোট মিউনিসিপ্যাল কাউন্সিলে বিজেপির সঙ্গে এআইএমআইএমের জোটকে কটাক্ষ করে তিনি একে ‘বিজেপির লাভ জিহাদ’ বলে আখ্যা দেন। এছাড়াও তাঁর অভিযোগ, “বিজেপির মন্ত্রীরা নিজেরা গরুর মাংস খান, অথচ আমাদের হিন্দুত্বের পাঠ দেন। পুরসভায় আসল প্রশ্ন হিন্দু-মুসলিম নয়, প্রশ্নটা হল শাসনব্যবস্থা।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন বিএমসি নির্বাচন এক ‘অদ্ভুত’ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক। একটা সময় ছিল, চোর বলে ডাকলে চোর পালিয়ে যেত। আজ চোরেরা গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিচ্ছে। মহারাষ্ট্রে এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। একসময় রাজ্যের রাজনীতিতে সৌজন্য ছিল, আজ তা সম্পূর্ণভাবে কলুষিত।”
মুম্বইয়ের পরিচয় নিয়ে দৃঢ় অবস্থান নিয়ে উদ্ধব ঠাকরে বলেন, “আমরা পরিষ্কার—মুম্বইয়ের মেয়র হবেন একজন মারাঠি।” তিনি প্রশ্ন তোলেন, কেন বিজেপি মুম্বইয়ে হিন্দি ও অন্যান্য ভাষা চাপিয়ে দিতে চাইছে। তাঁর মন্তব্য, “বিজেপির নেতারা যখন বলেন ঘাটকোপারের ভাষা গুজরাতি, তখন কি আমরা চুপ করে বসে থাকব? ওরা কে ঠিক করে দেবে কোন এলাকার ভাষা কী হবে?”
বর্তমান মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের ঘাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছে এবং শহরের সম্পদ ‘লুট’ করেছে বলেও অভিযোগ করেন উদ্ধব ঠাকরে। স্থানীয় মারাঠি জনগোষ্ঠীর সমস্যার কথা তুলে ধরে শিবশেনা প্রধান বলেন, “গত দুই-তিন বছরে মুম্বইয়ে মারাঠিদের উপর দাদাগিরি শুরু হয়েছে। দেশের আর কোন রাজ্যে মারাঠিরা দাদাগিরি করে—এমন উদাহরণ দেখান। এখানে মারাঠিদের বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না, খাবারের অভ্যাস নিয়েও কটাক্ষ করা হচ্ছে। মারাঠি মানুষ যেখানে যায়, সেখানকার সঙ্গে মিশে যায়। কিন্তু এখন অন্যরা আমাদের ঘরে ঢুকে আমাদের উপর আধিপত্য কায়েম করতে চাইছে। বিজেপির এই ঔদ্ধত্য বেড়েছে কারণ তাদের ‘মালিকরা’ দিল্লিতে বসে আছেন।”
