ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের জম্মু-কাশ্মীর সফরের ঠিক আগের দিন উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার উধমপুর এবং কিশতোয়াড় জেলার ঘন জঙ্গলে দুটি পৃথক সংঘর্ষে জইশ-ই-মহম্মদ-এর এক শীর্ষ কমান্ডারসহ তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়েছে।
জান গিয়েছে, বুধবার সকালে উধমপুর জেলার জাফর জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জইশ জঙ্গি নিহত হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মঙ্গলবার থেকেই ওই এলাকায় তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ। জঙ্গিরা একটি প্রাকৃতিক গুহার ভেতরে লুকিয়ে ছিল। তাদের গতিবিধি শনাক্ত করতে ড্রোন এবং ইউএভি (UAV) ব্যবহার করা হয়। ভিডিও ফুটেজে জঙ্গিদের গুহার কাছে দেখা যাওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পালানোর চেষ্টা করলে বাহিনীর গুলিতে তারা গুহার ভেতরেই আটকে পড়ে এবং পরে বড়সড় অভিযানে তারা নিহত হয়। মৃতদের মধ্যে জইশ কমান্ডার আবু মুভায়া রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাকে দীর্ঘ দিন ধরে খুঁজছিল বাহিনী।
অন্যদিকে, কিশতোয়াড় জেলার চাত্রু বন অঞ্চলের ডিচ্ছার এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আরও এক জঙ্গি নিহত হয়েছে। গত ১৮ জানুয়ারি থেকে কিশতোয়াড়ের সিংপোরা এবং চিঙ্গাম এলাকায় জঙ্গিদের খোঁজে বিশাল তল্লাশি অভিযান চলছিল। ওই দিনের সংঘর্ষে এক প্যারা কমান্ডো শহিদ হয়েছিলেন। বুধবার সন্ধ্যায় নতুন করে লড়াই শুরু হলে সেখানে এক জঙ্গিকে খতম করা হয়। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু পৌঁছানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার সফরের আগে এই জঙ্গিদের নির্মূল করাকে বড় কৌশলগত জয় হিসেবে দেখা হচ্ছে। আগামীকাল অথার্ৎ ৬ ফেব্রুয়ারি হিরানগরের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুপ্রবেশ রুখতে বিএসএফ কী কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে তাকে বিস্তারিত জানানো হবে। নিরাপত্তা বাহিনীর মতে, এই জইশ জঙ্গিরা জঙ্গল যুদ্ধের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। শীতের মরসুমে জঙ্গিদের অনুপ্রবেশ ও নাশকতামূলক কাজ রুখতে কাঠুয়া, পুঞ্চ, রাজৌরি এবং ডোডা জেলায় ইতিমধ্যেই ‘উইন্টার অফেন্সিভ’ বা শীতকালীন বিশেষ অভিযান শুরু করেছে ভারতীয় বাহিনী।
