TOP NEWS

এসআইআর: চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাদ পড়ল প্রায় ৯৫ লক্ষ ভোটারের নাম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯৫ লক্ষ ভোটারের নাম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। চলমান বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) প্রক্রিয়ার শেষ হওয়ার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্দামান ও নিকোবর, কেরল, ছত্তীসগড় এবং মধ্যপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে, তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে প্রায় ৯৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট ৩.১০ লক্ষ ভোটারের মধ্যে ৬৪ হাজার জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। কেরলে ২.৭৮ কোটি ভোটারের মধ্যে ২৪.০৮ লক্ষ নাম বাতিল করা হয়েছে। ছত্তীসগড়ে মোট ২.১২ কোটি ভোটারের মধ্যে ২৭.৩৪ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ৫.৭৪ কোটি ভোটারের মধ্যে ৪২.৭৪ লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কমিশন বলেছে, যেসব ভোটারের নাম বাদ পড়েছে, তাঁরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা আবেদনগুলি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬। খসড়া ভোটার তালিকাগুলি সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ ইলেক্টোরাল অফিসারের ওয়েবসাইট, নির্বাচন কমিশনের ভোটার পোর্টাল এবং ECINET অ্যাপ্লিকেশনে উপলব্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!