TOP NEWS

‘তাজমহল আদতে মন্দির’: বিতর্কে পদ্ম নেতা, পাল্টা দিল কংগ্রেস

(Bjp leader Kailash Vijayvargiya || Photo Courtesy: X)

ডেইলি ডোমকল, ভোপাল: ‘তাজমহল আদতে একটি মন্দির ছিল’ ফের বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন বিতর্ক উস্কে তিনি বলেন, তাজমহল আদতে একটি মন্দির ছিল, যা পরে মোগল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন। গেরুয়া নেতার এই বিতর্কিত মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। সূত্রের খবর, সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশের মন্ত্রীর দাবি, মুমতাজ মহলের প্রথম সমাধি হয়েছিল বুরহানপুরে। পরে সেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল, সেই স্থানে তাঁর দেহ সমাধিস্থ করা হয় এবং সেখানেই তাজমহল নির্মাণ করা হয়।

তাঁর এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ এই মন্তব্যকে ‘উসকানিমূলক ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।

 

বিজয়বর্গীয় মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। তিনি কটাক্ষ করে বলেন, “একজন মন্ত্রী বলছেন ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেননি, আরেকজন বলছেন মুমতাজকে আগ্রা নয়, বুরহানপুরে সমাধিস্থ করা হয়েছিল। ওঁরা নিজেদের মতো করে ইতিহাসের বই লিখে বিশ্ববাসীর কাছে পাঠান, দেখা যাক মানুষ কী ভাবে।”

উল্লেখ্য, তাজমহল নিয়ে এর আগেও নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও দাবি করেছেন গেরুয়া নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনও মন্ত্রী এধরনের মন্তব্য করলে তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব অনেক বেশি হয়। বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদ শিরোনামে থাকার ক্ষেত্রে কৈলাস বিজয়বর্গীয়ার অতীতও উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!