TOP NEWS

সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেই কোরান অবমাননা: পদ্ম নেতাকে ‘মানসিক রোগাক্রান্ত’ তোপ ইমামদের

(বাম দিক থেকে- নিজামুদ্দিন বিশ্বাস, অসীম সরকার, নাজমুল হক || নিজস্ব চিত্র।)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: পবিত্র ধর্মগ্রন্থ কোরান নিয়ে অবমাননাকর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাঁর মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। ইতিমধ্যে পদ্ম বিধায়কের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই আবহে অসীম সরকারকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছেন ইমাম সংগঠনের নেতারা। মুফতি মৌলানা নাজমুল হক ডেইলি ডোমকল-কে বলেন, “অসীম সরকার যে মন্তব্য করেছেন, তা গোটা হিন্দু সমাজের ভাবনার প্রতিফলন নয়। হিন্দু সমাজ জানে, কোরানের মতো পবিত্র ও নির্ভেজাল গ্রন্থ পৃথিবীতে খুব কমই আছে। বিধায়ক সম্পূর্ণভাবে নিজের অজ্ঞতা থেকেই কোরান সম্পর্কে ভিত্তিহীন কথা বলেছেন। কোরানের ইতিহাস বা গভীরতা সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। অসীম সরকার মানসিক রোগে আক্রান্ত, তাঁর মস্তিষ্ক সুস্থ নয়। এরা না কোনও ধর্ম মানে, না কোনও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।” তিনি আরও দাবি করেন, “পৃথিবীর বহু বিজ্ঞানী, অধ্যাপক ও গবেষক কোরানের ত্রুটি খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অনেকেই কোরান ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন।”

নাজমুলের কথায়, “অসীম সরকার যে চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি তা গ্রহণ করছি। তিনি যেখানে চাইবেন, আমি সেখানে গিয়ে লাইভ আলোচনায় মুখোমুখি হতে প্রস্তুত। তিনি তাঁর দাবির পক্ষে কী প্রমাণ দেন, তা দেখা হবে। আমিও দলিল দিয়ে প্রমাণ করব যে তাঁর মন্তব্য সম্পূর্ণ ভুল।” রাজ্য প্রশাসনকেও তীব্র ভাষায় আক্রমণ করেন নাজমুল হক। তাঁর প্রশ্ন, “এই ধরনের অবমাননাকর মন্তব্যের পরেও কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না? রাজ্যের পুলিশ প্রশাসন কী করছে? নাকি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ ও উস্কানিমূলক মন্তব্য করতে অবাধে ছাড় দেওয়া হয়েছে? মুসলিম সমাজ কোরান ও আল্লাহর রাসুলকে নিয়ে কোনও কটূক্তি বরদাস্ত করবে না। অসীম সরকারকে দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

পবিত্র ধর্মগ্রন্থ কোরান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হরিণঘাটার বিজেপির বিধায়ক। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নাজিমুদ্দিন বিশ্বাস বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়ে বলেন, “হরিণঘাটার বিজেপি বিধায়ক কোরান নিয়ে বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেছেন। আগেও তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এবার তিনি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর শামিল।”

নাজিমুদ্দিন বিশ্বাস ডেইলি ডোমকল-কে বলেন, “অসীম সরকার যদি তাঁর বক্তব্য প্রমাণ করতে পারেন, তাহলে ইমাম সংগঠনের পক্ষ থেকে তাঁকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা রাজ্যজুড়ে থানায় থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। সব সম্প্রদায়কে একজোট হয়ে এই ধরনের ঘৃণামূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!