TOP NEWS

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী, স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে মীনা

(IAS Manoj Pant & IAS Nandini Chakravorty || Photo Courtesy: X)

ডেইলি ডোমকল, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তীIAS । রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর নিয়োগে অনুমোদন দেওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী আটজন সিনিয়র আইএএস অফিসারকে টপকে মুখ্যসচিব পদে নিযুক্ত হলেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই নিয়োগ করল।

৫৬ বছর বয়সি নন্দিনী চক্রবর্তী এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিন মনোজ পান্তের স্থলাভিষিক্ত হলেন ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক। নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হিসেবে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ প্রসাদ মীনা। তিনি আগে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিব ছিলেন।

বামফ্রন্ট আমলে নন্দিনী চক্রবর্তী শিল্পোন্নয়ন নিগম (WBIDC)-এর চেয়ারম্যান ছিলেন এবং ২০০৭-০৮ সালে সিঙ্গুর-নন্দীগ্রামের ভূমি আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও তিনি WBIDC-র দায়িত্বে ছিলেন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত দায়িত্বও পান। তবে পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মতানৈক্যের জেরে তাঁকে রাজ্য গেজেটিয়ারের সম্পাদক হিসেবে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি রাজ্যপালের সচিব হন এবং রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে মতবিরোধের জেরে সেই পদ থেকেও তাঁকে সরানো হয়। ২০২৪ সালে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হন।

প্রসঙ্গত, ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পান্ত ৩০ জুন অবসর নিলেও রাজ্যের অনুরোধে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছ’মাসের মেয়াদবৃদ্ধি করেছিল কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, বিদায়ী মুখ্যসচিব মনোজ পান্তকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব (প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চিফ মিনিস্টার) পদে নিয়োগ করা হয়েছে। ওই পদটি মুখ্যসচিব পদমর্যাদায়।

নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে আরও কয়েকজন শীর্ষ আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে রাজ্য। ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্যকে সুন্দরবন বিষয়ক দপ্তরের পাশাপাশি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়, যিনি অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি দপ্তরের দায়িত্বে আছেন, তাঁকে পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তকে প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালাকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এবং সংশোধনাগার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!