TOP NEWS

ছুরি মেরে ভারতীয় তরুণীকে খুন, থানায় ‘মিসিং ডাইরি’ করে আমেরিকা থেকে পলাতক প্রেমিক

(Representational Image)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আমেরিকায় খুন ভারতীয় তরুণী। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ছুরি দিয়ে পেশায় স্বাস্থ্যকর্মী ভারতীয় তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিকিথা গোদিশালা, বয়স ২৭ বছর। তিনি এলিকট সিটিতে বসবাস করতেন।

সূত্রের খবর, ২ জানুয়ারি তরুনীর প্রেমিক অর্জুন শর্মা নিকিথাকে নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন। নিখোঁজ রিপোর্ট করার কয়েক ঘন্টা পরই ভারত চলে যায় অর্জুন। শেষবার ৩১ ডিসেম্বর নিউ ইয়ার্স ইভ-এ কলাম্বিয়ার টুইন রিভার্স রোডে অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টে নিকিথার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। পরে তদন্তে জানা যায়, ওই দিনই তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। পুলিশের অনুমান, নিকিথাকে খুন করে পালিয়ে যায় অর্জুন। তদন্তের মোড় ঘোরাতে থানায় নিখোঁজ রিপোর্ট করেন অভিযুক্ত। তাঁকে ধরতে আন্তর্জাতিক তল্লাশি শুরু করেছে মার্কিন পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ৩ জানুয়ারি কলাম্বিয়ায় অর্জুন শর্মা (২৬)-এর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়। অভিযুক্ত অর্জুন শর্মাও ভারতের নাগরিক। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, নিখোঁজের অভিযোগ দায়ের করার পরই তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে ফেডারেল সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করছে মার্কিন কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে খবর, হাওয়ার্ড কাউন্টি পুলিশের গোয়েন্দারা ৩ জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে নিকিথার দেহ উদ্ধার করেন। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার কিছু পরেই তাঁর মৃত্যু হয়েছে। তদন্ত এখনও চলছে এবং তবে খুনের কারণ এখনও জানা যায়নি। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধারের পরই আদালতের তরফে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিকিথা গোদিশালার পরিচয়

সামাজিক প্রোফাইল অনুযায়ী, নিকিথা গোদিশালা ছিলেন একজন উচ্চশিক্ষিত স্বাস্থ্যখাত ও ডেটা অ্যানালিটিক্স বিশেষজ্ঞ। ফার্মাসি, ক্লিনিক্যাল রিসার্চ, হেলথ ইনফরমেশন টেকনোলজি এবং ডেটা ম্যানেজমেন্ট—এই সব ক্ষেত্রেই তাঁর বিস্তৃত অভিজ্ঞতা ছিল। ডেটাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা ও রোগীর সেবার মান উন্নত করার বিষয়ে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন। অ্যানালিটিক্স, নিয়ন্ত্রক মান্যতা (রেগুলেটরি কমপ্লায়েন্স) এবং স্বাস্থ্যখাতের গুণমান ব্যবস্থায় তাঁর দক্ষতা ছিল।

তিনি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টি থেকে হেলথ ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ভারতের জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ডক্টর অব ফার্মাসি ডিগ্রিও লাভ করেন। ডেটা অ্যানালিটিক্স, ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট, হিপা (HIPAA)-সহ স্বাস্থ্য সংক্রান্ত নিয়মাবলি এবং SQL, ট্যাবলো, পাওয়ার বিআই ও পাইথনের মতো টুলসে তিনি পারদর্শী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!