TOP NEWS

প্রকাশ্যে বিডিও-সভাপতি দ্বন্দ্ব: প্রশাসনিক দপ্তরে ধুন্ধুমার, ডোমকল বিডিও অফিসে মারমুখী আচরণের অভিযোগ

(ডোমকল পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিস। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে মারমুখী আচরণ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগকে ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়াল ডোমকল বিডিও অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, বুধবার পঞ্চায়েত সমিতির একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ও পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন আবাস যোজনা প্রকল্পের টেন্ডার ও কাজের অগ্রগতি সংক্রান্ত বিষয় নিয়ে ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস ও পূর্ত কর্মাধ্যক্ষ একসঙ্গে বিডিও শঙ্খদীপ দাসের কাছে জানতে চান। অভিযোগ, প্রশ্নের জবাবে বিডিও আচমকাই উত্তেজিত হয়ে পড়েন এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। এমনকি তিনি পূর্ত কর্মাধ্যক্ষের দিকে মারমুখী হন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৈঠকে উপস্থিত অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ, বিডিওর আচরণের প্রতিবাদে একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য তাঁর সঙ্গে দেখা করতে বিডিওর কক্ষে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফলে বিডিও অফিস চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগেও ডোমকলের বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং বিডিওর বদলি ও অপসারণের দাবিতে সরব হয়েছে তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির বোর্ড। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

(ধুন্ধুমার, বিডিও অফিসে তীব্র উত্তেজনা। || নিজস্ব চিত্র)

পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস বলেন, “আজ পঞ্চায়েত সমিতির মিটিং চলাকালীন আবাস যোজনার কাজের ফান্ড চলে আসায় আমরা বিডিওকে ওয়ার্ক অর্ডার দেওয়ার অনুরোধ করি। কিন্তু তিনি জানান, বিষয়টি জানাতে তিনি বাধ্য নয়। এরপর পূর্ত কর্মাধ্যক্ষ প্রশ্ন তুললে বিডিও আচমকাই চেয়ার ছেড়ে উঠে মারমুখী হয়ে ওঠেন। এতে উপস্থিত সদস্যরা ক্ষুব্ধ হন এবং ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে বিডিও দেখা করতে অস্বীকার করেন। সেখান থেকেই উত্তেজনা তৈরি হয়।”

পঞ্চায়েত সমিতির সভাপতির আরও বক্তব্য, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কাজ করতে এসেছি। সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু বিডিও সাহেব, কি করে বলতে পারেন তিনি উত্তর দিতে বাধ্য নন। এক পূর্ত কর্মাধ্যক্ষ প্রশ্ন করেন, কেনো বলবেন না? তখনি তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং পঞ্চায়েত সদস্যকে মারতে যান। বিডিওর ভূমিকায় বাকি সদস্যরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তারা বিডিওর কাছে গোটা ঘটনা জানতে গেলে, বিডিও সদস্যদের দেখা করতে চাননি। তখন কিছুটা বিশৃঙ্খলা হয়।

এদিকে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিডিও শঙ্খদীপ দাস। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস। তিনি ডেইলি ডোমকল-কে বলেন, “আমাকে মারধরের চেষ্টা করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং অফিসের গেট ভাঙার চেষ্টা করা হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয়। বিষয়টি আমি জেলা শাসককে জানিয়েছি।”

তবে ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বাজাজ জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তিনি ডেইলি ডোমকল-কে বলেন, “অশান্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের কোনও ঘটনা ঘটেনি। বিডিও-সহ কারও পক্ষ থেকেই এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।”

One thought on “প্রকাশ্যে বিডিও-সভাপতি দ্বন্দ্ব: প্রশাসনিক দপ্তরে ধুন্ধুমার, ডোমকল বিডিও অফিসে মারমুখী আচরণের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!