ডেইলি ডোমকল, হায়দরাবাদ: বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করা সরকারি কর্মীদের বিরুদ্ধে নতুন আইন আনার পরিকল্পনা করছে তেলঙ্গানা সরকার। সোমবার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি জানান, বহু ক্ষেত্রেই প্রবীণ নাগরিকেরা তাঁদের সন্তানদের অবহেলার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে আসন্ন বাজেট অধিবেশনে সরকার এমন একটি আইন আনবে, যার আওতায় বাবা-মায়ের যত্ন না নেওয়া সরকারি কর্মীদের বেতন থেকে ১০ থেকে ১৫ শতাংশ কেটে সরাসরি তাঁদের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা তাঁদের বাবা-মায়ের দেখভাল করছেন না, তাঁরা সমাজের প্রতি নিজেদের দায়িত্বও পালন করছেন না—এ কথা বলা যেতেই পারে।”
প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে ডে কেয়ার সেন্টার স্থাপন করছে রাজ্য সরকার। বয়স্ক বাবা-মায়ের কাছ থেকে আসা অভিযোগগুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রেড্ডির কথায়, “আমাদের প্রবীণদের সম্মানের সঙ্গে বেঁচে থাকা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ।” এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে অধিক প্রতিনিধিত্ব দিতে আগামী স্থানীয় স্বশাসন নির্বাচনে প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাঁদের জন্য একটি করে ‘কো-অপ্টেড সদস্য’ পদ সংরক্ষিত রাখা হবে। রেভান্থ রেড্ডি বলেন, “আমাদের লক্ষ্য এমন এক যত্নশীল ও ন্যায়সঙ্গত তেলঙ্গানা গড়ে তোলা, যেখানে কেউই পিছিয়ে পড়বে না।” এছাড়াও তিনি জানান, রাজ্যের সব নাগরিকের জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে বাজেট অধিবেশনেই একটি স্বাস্থ্য নীতি ঘোষণা করবে সরকার।
