ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) বদলে নতুন ‘ভিবি-গ্রাম-জি’ (VB-GRAM-G) আইন আনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বর্তমান কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে বিতর্কিত ও অধুনালুপ্ত কৃষি আইনের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ‘রচনাত্মক কংগ্রেস’ আয়োজিত ১০০ দিনের কাজের কর্মীদের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দেশের দরিদ্র সাধারণ মানুষকে এই আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, “মনরেগা তৈরি করা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের কাজের অধিকার সুনিশ্চিত করতে। বিজেপি সেই অধিকারের ধারণাই শেষ করে দিতে চাইছে।”
কৃষক আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে রাহুল দাবি করেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সরকার। এবার শ্রমিকদের সঙ্গেও একই কাজ করার চেষ্টা হচ্ছে।” কংগ্রেস নেতার অভিযোগ, নতুন এই আইনের ফলে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কুক্ষিগত হবে এবং বিজেপি শাসিত রাজ্যগুলি বাড়তি সুবিধা পাবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, শ্রমিকদের প্রাপ্য টাকা এবার ঠিকাদার এবং আমলাদের পকেটে চলে যাবে। তাঁর কথায়, “বিজেপির মডেল হল মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদ কুক্ষিগত করা এবং গরিবদের কর্পোরেটদের ওপর নির্ভরশীল করে রাখা।”
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে কংগ্রেস দেশজুড়ে ৪৫ দিনের ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচি শুরু করেছে। তাদের দাবি, অবিলম্বে ‘ভিবি-গ্রাম-জি’ আইন প্রত্যাহার করে পঞ্চায়েতের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে এবং কাজের অধিকার ভিত্তিক পুরনো মনরেগা (MGNREGA) ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
