TOP NEWS

যোগী পুলিশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিতেই বদলি শম্ভলের বিচারক, হল পদাবনতি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বিচারবিভাগীয় প্রশাসনে বড়সড় রদবদল করল এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় এক নির্দেশিকায় জেলা জজ পদমর্যাদার তিন আধিকারিকসহ মোট ১৪ জন বিচারককে বদলি করা হয়েছে। রেজিস্ট্রার (জুডিশিয়াল সার্ভিসেস) রজনীশ কুমার এই আনুষ্ঠানিক বদলির তালিকা প্রকাশ করেছেন।

এই রদবদলে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে শম্ভলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) বিভাংশু সুধীরের নাম। গত ৯ জানুয়ারি তিনি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। শম্ভল হিংসার ঘটনায় এক যুবককে গুলি করার অভিযোগে এসিপি অনুজ চৌধুরীসহ প্রায় ২০ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছিলেন তিনি। নতুন নির্দেশে বিভাংশু সুধীরকে সুলতানপুরের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হিসেবে পাঠানো হয়েছে। অন্যদিকে, শম্ভলের নতুন সিজেএম হিসেবে নিযুক্ত হয়েছেন আদিত্য সিং। তিনি এর আগে চান্দোসিতে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, আদিত্য সিং ‘শ্রী হরিহর মন্দির বনাম শাহী জামা মসজিদ’ মামলায় একটি সমীক্ষার (Survey) নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে তাঁকে পদোন্নতি দিয়ে শম্ভলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। শম্ভল হিংসার মতো সংবেদনশীল মামলার নির্দেশ দেওয়ার পরপরই এই বদলি এবং একইসঙ্গে মন্দির-মসজিদ মামলার সমীক্ষাকারী বিচারকের পদোন্নতি— এই দুয়ে মিলে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও প্রশাসনের দাবি, এটি একটি রুটিন বদলি প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!