ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আসামের বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ, এনআরসি (NRC) প্রক্রিয়ায় ত্রুটি এবং উচ্ছেদ অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি (CERD)। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জেনেভায় ভারতের স্থায়ী প্রতিনিধির কাছে পাঠানো এক চিঠিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।
মাকতুব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ১২ মে ভারতের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল জাতিসংঘ। কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া তথ্যে ‘ঘাটতি’ রয়েছে বলে মনে করছে কমিটি। তাদের মতে, দিল্লি প্রেরিত জবাবে মূল অভিযোগগুলোর পর্যাপ্ত সদুত্তর পাওয়া যায়নি।
চিঠিতে আন্তর্জাতিক সংস্থাটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে। জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি জানিয়েছে, পদ্ধতিগত ত্রুটি এবং নথিপত্র সংগ্রহের জটিলতার কারণে বহু বাংলাভাষী মুসলিম চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন। বিশেষ করে ‘নন-অরিজিনাল ইনহাবিট্যান্ট’ বা ‘অ-মূলনিবাসী’ তকমা দিয়ে তাদের ওপর কঠোর ভেরিফিকেশন চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। উপযুক্ত আবাসন বা ক্ষতিপূরণ ছাড়াই আসামের বিভিন্ন জেলায় পরিকল্পিতভাবে উচ্ছেদ চালানোর খবর পাওয়া গেছে, যা মূলত বাংলাভাষী মুসলিম পরিবারগুলোকে লক্ষ্য করে করা হয়েছে বলে কমিটি মনে করে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় আসামে এই সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য (Hate Speech) এবং সহিংসতার প্ররোচনা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সংগঠিত গোষ্ঠীগুলোর মাধ্যমে সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কমিটি ভারত সরকারকে আসামের বাংলাভাষী মুসলিমদের অধিকার রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতের আগামী পর্যায়ক্রমিক প্রতিবেদনে এই উদ্বেগের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বর্ণবৈষম্য বিলোপের কনভেনশনটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিল্লির সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে কমিটি।
