ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন (DPDP Act) মাথায় রেখে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)। বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬-এ নতুন একটি আধার অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত কোনো তথ্য শেয়ার না করেই ব্যবহারকারীর বয়স যাচাই করা যাবে।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণান এই অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘সুইক’ (Swik) বা ‘আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স রুলস, ২০২০’ সংশোধন করেছে। এর ফলে বেসরকারি সংস্থাগুলি এখন আরও নিরাপদভাবে আধারের মাধ্যমে পরিষেবা দিতে পারবে।
‘এজ গেটিং’ ও শিশু সুরক্ষা
সচিব কৃষ্ণান জানান, বর্তমান ডিজিটাল যুগে ‘এজ গেটিং’ বা বয়স যাচাই একটি বড় চ্যালেঞ্জ। নতুন আধার অ্যাপের মাধ্যমে অনলাইন গেমিং, সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস না করেই নির্বিঘ্নে বয়স যাচাই করতে পারবে। এর ফলে শিশুরা ইন্টারনেটে তাদের বয়সের অনুপযোগী কন্টেন্ট বা পণ্য থেকে দূরে থাকবে।
কাগজমুক্ত যাচাইকরণে জোর
নতুন এই অ্যাপটি মোবাইল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে। হোটেল, সিনেমা হল বা সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার সময় এখন আর আধারের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। ডিজিটাল মাধ্যমেই আধার যাচাই করা সম্ভব হবে। উল্লেখ্য, আধার আইন অনুযায়ী কোনো বেসরকারি সংস্থা আধারের ফটোকপি বা ডাটা কোনোভাবেই সংরক্ষণ করতে পারে না।
নতুন অ্যাপের বিশেষ সুবিধাসমূহগুলি হল- এখন আর আধার সেন্টারে না গিয়ে অ্যাপের মাধ্যমেই মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট করা যাবে। একটি অ্যাপে সর্বোচ্চ ৫ জনের প্রোফাইল (যেমন সন্তান বা বাবা-মা) যুক্ত করা যাবে। এর ফলে বিমানবন্দর বা সিনেমা হলে পরিবারের সদস্যদের জন্য আলাদা করে ফিজিক্যাল কপি বহন করতে হবে না। ভিজিটিং কার্ডের বদলে এখন অ্যাপ থেকেই নিজেদের কন্টাক্ট ডিটেইলস অন্যের সাথে শেয়ার করা যাবে। UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এই অ্যাপটি কেবল আধার পরিষেবা সহজ করবে না, বরং ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।
