ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভুল তথ্যের ফাঁদে পড়ে কিংবা সঠিক নথিপত্র না থাকায় ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২২,৯০০ জন ভারতীয় নাগরিককে নির্বাসিত (Deport) করা হয়েছে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সংসদের প্রশ্নোত্তর পর্বে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নির্বাসিতদের তালিকায় সবার উপরে রয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি। তবে আমেরিকার মতো দেশ থেকেও কয়েক হাজার ভারতীয়কে হাতকড়া পরে দেশে ফিরতে হয়েছে।
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরব ১৩,২৫৬ জন, জেদ্দা ৮,৯২১ ও রিয়াদ ৪,৩৩৫, সংযুক্ত আরব আমিরশাহি ৯,৫৫৮ জন, দুবাই ৭,৮৯৬, আবুধাবি ১,৬৬২, মার্কিন যুক্তরাষ্ট্র ৩,৮০৬ জন, হিউস্টন ২৩৪, সান ফ্রান্সিসকো ৪৯, নিউইয়র্ক ৪৭, মালয়েশিয়া ১,৬৭৫ জন, মিয়ানমার ১,৬০০ জন, সিঙ্গাপুর ও অন্যান্য ৩০০, মালদ্বীপ ১৫০, যুক্তরাজ্য ৭০।
কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন। তিনি জানান, নির্বাসিতদের সিংহভাগই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের যুবক। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “আমাদের যুব সমাজকে ভিনদেশে বিমানে করে হাতে হাতকড়া লাগিয়ে ফেরত পাঠানো হচ্ছে। কেন আমাদের যুবকদের এভাবে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে?” তিনি আরও জানান, বহু যুবক দালালদের খপ্পরে পড়ে জমি-বাড়ি বন্ধক রেখে প্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে বিদেশ যান। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নপূরণ তো দূরস্ত, নিঃস্ব হয়ে তাঁদের দেশে ফিরতে হচ্ছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সাথে আলোচনা চালাচ্ছে। বিশেষ করে আমেরিকায় ভারতীয়দের হাতে হাতকড়া পরিয়ে যেভাবে নির্বাসিত করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলিকে অনুরোধ জানানো হয়েছে যাতে নির্বাসন প্রক্রিয়ার সময় মানবিক দিকগুলো বিবেচনা করা হয়। একই সাথে, সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রলোভন এড়িয়ে বৈধ নথিপত্র এবং সঠিক ভিসা প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
