TOP NEWS

দায়িত্বের বাইরে মানবিকতা: প্রসূতিকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মহিলা পুলিশ কর্মী

(ডোমকল থানার মহিলা পুলিশ আধিকারিক ফজিলা খাতুন। || নিজস্ব চিত্র।)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক মহিলা পুলিশ আধিকারিক। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এক প্রসূতি মহিলার জীবন সংকটে পড়লে নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচালেন ডোমকল থানার পুলিশ আধিকারিক (ASI) ফজিলা খাতুন।

জানা গেছে, গুরুতর শারীরিক অবস্থার কারণে ওই প্রসূতি মহিলাকে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দ্রুত রক্ত সঞ্চালন না হলে রোগীর জীবনঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা না হওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়ে যান। এমন পরিস্থিতিতে খবর পেয়ে এগিয়ে আসেন ডোমকল থানায় কর্মরত ওই মহিলা পুলিশ আধিকারিক।

রোগীর সঙ্গে তাঁর রক্তের গ্রুপ মিলে যাওয়ায় বিনা দ্বিধায় রক্তদান করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বি-পজিটিভ গ্রুপের রক্ত দেন এবং তা দ্রুত রোগীর শরীরে সঞ্চালন করা হয়। রক্ত সঞ্চালনের পর প্রসূতির শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং বিপদমুক্ত হন। পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সময়ের মধ্যে রক্ত না পেলে আমাদের প্রিয়জনকে হয়তো আর বাঁচানো যেত না। পুলিশ দিদি আমাদের জন্য ফেরেশতার মতো এসেছেন।”

সাধারণত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কঠোর ভাবমূর্তি চোখে পড়ে। কিন্তু এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল—পুলিশ কেবল প্রশাসনিক দায়িত্বই পালন করে না, মানবিকতার ক্ষেত্রেও তারা সমাজের আস্থার প্রতীক। ডোমকলের এক পুলিশ কর্তা বলেছেন, এই মানবিক উদ্যোগ কর্তব্যবোধ ও সামাজিক দায়িত্বের উদাহরণ। এই ঘটনাটি মানবিক পুলিশিংয়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!