ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রযুক্তি বিশ্বের নজর এখন ভারতের দিকে। সোমবার থেকে শুরু হওয়া ছয় দিনের ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আয়োজিত এই মেগা সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই এবং ওপেনএআই-র প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থাগুলোর শীর্ষ কর্তারা।
এদিন উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কার জবাব দেন। তিনি বলেন, “দুই ধরনের মানুষ আছে। এক দল এআই-র মধ্যে কেবল ভয় দেখে, আর অন্য দল এতে ভাগ্য দেখে। ভারত ভয় নয়, বরং এআই-তে নিজের ভাগ্য ও ভবিষ্যৎ দেখছে।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ভারতের কাছে রয়েছে দক্ষ জনশক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা। এরই প্রতিফলন হিসেবে সম্মেলনে ভারতের তিনটি সংস্থা নিজস্ব এআই মডেল ও পণ্য লঞ্চ করেছে।
প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ডিপফেক ও বিকৃত ডিজিটাল কনটেন্ট যেভাবে সামাজিক অস্থিরতা তৈরি করছে, তা রুখতে ‘গ্লোবাল স্ট্যান্ডার্ড’ বা বিশ্বজনীন মানদণ্ড তৈরির ডাক দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রস্তাব, খাবারের প্যাকেটে যেমন পুষ্টিগুণের লেবেল থাকে, ডিজিটাল কনটেন্টে তেমনই একটি লেবেল থাকা উচিত। যাতে মানুষ সহজেই আসল ও নকলের পার্থক্য বুঝতে পারে। এআই-কে অবশ্যই ‘চাইল্ড সেফ’ হতে হবে। শিশুদের জন্য এই প্রযুক্তি যেন কোনোভাবেই ঝুঁকিপূর্ণ না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মোদি।
