TOP NEWS

বিয়ের পরেই ‘লাভ জিহাদ’-এর বিতর্ক: মুখ্যমন্ত্রী মোহন যাদবের হস্তক্ষেপ চাইলেন বাবা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: গত বছরের প্রয়াগরাজ কুম্ভ মেলায় চর্চায় আসা মধ্যপ্রদেশের পরিযায়ী ‘পার্থি’ সম্প্রদায়ের তরুণী মোনালিসা ভোঁসলেকে (১৮) ঘিরে শুরু হয়েছে এক চাঞ্চল্যকর বিতর্ক। কেরলের এক মুসলিম যুবক ফারমান খানকে বিয়ে করার পর, মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে অভিযোগ তুলেছেন যে তাঁর মেয়ে ‘লাভ জিহাদ’-এর শিকার হয়েছেন। মেয়েকে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার জন্য তিনি এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের হস্তক্ষেপ দাবি করেছেন।

গত বুধবার কেরলের পুভারের আরুমানুর স্থিত নাইনার মন্দিরে হিন্দু রীতি মেনেই ফারমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। জানা গেছে, এই বিবাহ অনুষ্ঠানে কেরলের বেশ কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশের মহেশ্বর শহরে আলোড়ন সৃষ্টি হয়।

Also Read: কেরালায় মনালিসা ও ফয়জালের আন্তঃধর্মীয় বিবাহ সম্পন্ন

কেরল থেকে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়সিংহ ভোঁসলে দাবি করেন, তাঁর মেয়েকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “আমার মেয়ে গোটা দেশে নাম উজ্জ্বল করেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আমার অনুরোধ, মোনালিসাকে যেন নিরাপদে মধ্যপ্রদেশে ফিরিয়ে আনা হয়। ফারমান খান নামে এক মুসলিম যুবক তাকে প্রতারণার ফাঁদে ফেলেছে। এটি স্পষ্টতই লাভ জিহাদের একটি মামলা।” জয়সিংহ আরও জানান, তিনি জানতেন তাঁর মেয়ে অভিনয় জগতে নাম করতে চায় এবং সেই সূত্রে কিছু লোক তাকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ দিচ্ছিল। কিন্তু এই প্রশিক্ষণের আড়ালে যে এমন কিছু ঘটবে, তা তিনি আঁচ করতে পারেননি।

এই ঘটনায় ইতিমধ্যেই আসরে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের পদাধিকারী সমীর মহুলে এবং ভূপেন্দ্র চৌহান জানিয়েছেন, মোনালিসাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মতে, এটি একটি পরিকল্পিত ধর্মান্তরকরণ প্রক্রিয়া।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ মোনালিসা। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, এই বিয়ে সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্তে হয়েছে এবং তা হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয়েছে। মোনালিসা জানান, ‘লাভ জিহাদ’-এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বাবা-মা চেয়েছিলেন পিসতুতো ভাইয়ের সঙ্গে তাঁর বিয়ে দিতে, কিন্তু তিনি তাতে রাজি ছিলেন না। নিজের পছন্দের মানুষের সঙ্গে সংসার করতে চাওয়ায় তাঁর বাবা ক্ষুব্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!