নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর ও ডোমকল: সাতসকালে কলা বাগান থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার রায়পুর কালিতলা মাঠের এক কলা বাগানে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম শরিফুল আনসারী (৪০)। তাঁর বাড়ি ডোমকলের রমনা এতবার নগর এলাকায়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রির শ্রমিক ছিলেন। মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে গ্রামের মহিলারা কালিতলা মাঠের দিকে শৌচকর্ম করতে এবং কৃষকরা জমিতে সেচের মেশিন চালাতে যাওয়ার সময় প্রথম দেহটি পড়ে থাকতে দেখেন। একটি কলা বাগানের ভেতরে রক্তাত্ব অবস্থায় ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ভিড় জমায়। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর, ডোমকল ও রাণীনগর— থানার পুলিশ বাহিনী। স্থানীয় এক বাসিন্দা জানান, “ভোরে মাঠে কাজ করতে গিয়ে এক তরুণী প্রথম দেহটি দেখেন এবং চিৎকার করে লোক জড়ো করেন। ব্যক্তির দেহটি এমনভাবে ক্ষতবিক্ষত ছিল যে প্রথমে কেউ তাঁকে চিনতে পারছিলেন না।”
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে প্রতিবেশীদের দাবি। তবে তাঁর পরিবারের সদস্যদের মনে দানা বেঁধেছে গভীর রহস্য। ডোমকলের বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তিনি ইসলামপুরের এই নির্জন মাঠে এলেন এবং কীভাবেই বা তাঁর মৃত্যু হলো, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি খুন নাকি অন্য কোনো কারণ, তা রিপোর্ট এলেই স্পষ্ট হবে। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
