TOP NEWS

বিশ্বের নজর যখন মার্কিন-ইরান যুদ্ধের দিকে, একের পর এক অভিযানে রক্তাক্ত হচ্ছে প্যালেস্টাইনের জনপদ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বর্তমানে বিশ্ববাসীর সমস্ত মনোযোগ নিবদ্ধ রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার কূটনৈতিক পদক্ষেপগুলোর দিকে। কিন্তু এই সুযোগে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইজরায়েলি সেনাবাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের (Settlers) হামলা ও সহিংসতা বিন্দুমাত্র কমেনি। বরং একের পর এক অভিযানে রক্তাক্ত হচ্ছে প্যালেস্টাইনের জনপদ।

প্যালেস্টাইনের সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ (Wafa)-র প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় পশ্চিম তীরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে।

ইজরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলেকারেম শহরের উত্তরাঞ্চলীয় বেশ কিছু গ্রাম ও শহরে সিরিজ অভিযান চালিয়েছে। বিশেষ করে সাইদা, আত্তিল, আল্লার এবং দেইর আল-ঘুসুন এলাকায় সেনার সাঁড়াশি তল্লাশিতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, হেব্রনের পশ্চিমে অবস্থিত বেইত আওয়া শহরে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা গায়ের জোরে একটি রাস্তা তৈরির কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ফিলিস্তিনি জমি দখল করে এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকাটিতে বসতি সম্প্রসারণের নীল নকশা তৈরি করা হচ্ছে।

জেরুজালেমের উত্তরে আল-রাম শহরে ইজরায়েলি সেনাদের হাতে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর গুরুতর আহত হয়েছে। অভিযোগ উঠেছে, গত রাতে সেনারা তাকে বিনা প্ররোচনায় শারীরিক নিগ্রহ করে। বর্তমানে সে চিকিৎসাধীন। বেথলেহেম গভর্নরেট থেকেও দমনের খবর পাওয়া গেছে। সেখান থেকে এক নারীসহ অন্তত দুই ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইজরায়েলি সেনারা। কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের বড় সংঘাতগুলো নিয়ে বিশ্ব রাজনীতি ব্যস্ত থাকার সুযোগে পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছে ইজরায়েল। ক্রমবর্ধমান এই সহিংসতা ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!