TOP NEWS

“১২ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন মোদি”; নীট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সুর চড়ালেন রাহুল

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নীট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের জেরে চরম মানসিক অবসাদে এক পরীক্ষার্থী ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এক নজিরবিহীন ও তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর অভিযোগ, বিগত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে “ধ্বংস” করেছেন, তার মাশুল দিতে হচ্ছে ভারতের গোটা এক প্রজন্মের তরুণ সমাজকে। মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার বাসিন্দা আকাঙ্ক্ষা চতুর্বেদী নামের এক নীট পরীক্ষার্থী নাগপুরে আত্মহত্যা করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই এক্স হ্যান্ডেলে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লোকসভার বিরোধী দলনেতা।

আকাঙ্ক্ষার লড়াই ও তাঁর পরিবারের দুর্দশার কথা তুলে ধরে রাহুল গান্ধি তাঁর পোস্টে লেখেন, “আকাঙ্ক্ষা ডাক্তার হয়ে দেশ ও সমাজের সেবা করতে চেয়েছিল। তাঁর বাবা একজন সাধারণ কৃষক। মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে তিনি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এমনকি মেয়ের কোচিংয়ের খরচ চালাতে তিনি নিজে নাগপুরে এসে এক জায়গায় রাঁধুনির কাজ শুরু করেন।” রাহুলের কথায়, “একজন বাবা মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব, তার সবটুকুই করেছিলেন। কিন্তু তারপরেই নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। পরীক্ষা বাতিল করা হলো। আর সেই চরম অনিশ্চয়তার মধ্যে আকাঙ্ক্ষা আমাদের ছেড়ে চিরতরে চলে গেল। আকাঙ্ক্ষার এই মৃত্যু কোনো সাধারণ আত্মহত্যা নয়— এটি প্রধানমন্ত্রী মোদীর আমলের এক দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়া ব্যবস্থার মর্মান্তিক পরিণতি।”

এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, “এত বড় কেলেঙ্কারির পরও ধর্মেন্দ্র প্রধান আজও নিজের চেয়ারে অনড় বসে আছেন কেন? সেই পুরনো কমিটি গঠন, সেই একই বদলি এবং একই তদন্তের নাটক চলছে। কোনো সংস্কার নেই, কোনো বিচার নেই।” প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কংগ্রেস নেতার স্পষ্ট হুঁশিয়ারি, “মোদীবাবু, ক্ষমতা চিরস্থায়ী নয়— তা আসে আর যায়। কিন্তু বিগত ১২ বছরে আপনি যেভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, তার খেসারত আজ ভারতের যুবসমাজকে দিতে হচ্ছে।”

উল্লেখ্য, জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ (NTA) দ্বারা গত ৩ মে আয়োজিত হয়েছিল ‘NEET (UG) 2026’ পরীক্ষা। কিন্তু পরীক্ষা জুড়ে দেশব্যাপী প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগ ওঠার পর, গত ১২ মে পরীক্ষাটি সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়। বর্তমানে এই পুরো কেলেঙ্কারির তদন্তভার সামলাচ্ছে সিবিআই। আগামী ২১ জুন এই পরীক্ষার পুনঃপরীক্ষা নেওয়ার দিন ধার্য করা হয়েছে। কিন্তু তার আগেই পরীক্ষা বাতিলের অনিশ্চয়তা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে দেশের আরও এক মেধাবী শিক্ষার্থীর জীবনাবসান ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!