‘বিশুদ্ধ পেট্রোল কি বাপের বাড়ি থেকে আসবে?’: এথানল মিশ্রিত তেল বিতর্কে বিজেপি সাংসদ

ডিডি ডিজিটাল ডেস্ক: দেশে পেট্রোলে এথানল মিশ্রণ নীতি নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই কেন্দ্রীয় সরকারের নীতির সপক্ষে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের রিওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। এথানল মেশানোর বিরোধিতাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন, “বিশুদ্ধ পেট্রোল কি আপনার বাপের বাড়ি থেকে আসবে?” রবিবার রিওয়া থেকে ভোপাল এবং কলকাতার মধ্যে নতুন বিমান পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিওয়ার সাংসদ জানান, ভারত প্রয়োজনীয় অপরিশোধিত খনিজ তেলের মাত্র ২০ শতাংশ দেশে উৎপাদন করে এবং বাকি ৮০ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়।

চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে জনার্দন মিশ্র দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে তেলবাহী জাহাজগুলিকে প্রায় ১৮,০০০ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করে ভারতে তেল সরবরাহ করতে হচ্ছে। তিনি বলেন, “এমন এক পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোলে ২০ শতাংশ এথানল মেশানোর কথা বলছেন, তখন কিছু মানুষ প্রতিবাদ শুরু করেছেন। একটি আন্দোলন চালানো হচ্ছে যেখানে বলা হচ্ছে এথানল চলবে না, বিশুদ্ধ পেট্রোল চাই। দেশে যদি বিশুদ্ধ পেট্রোল না থাকে তবে তা কোথা থেকে আসবে? বিশুদ্ধ পেট্রোল কি আপনার বাপের বাড়ি থেকে আসবে?” সাংসদ মিশ্র আরও বলেন, ভারতে গাড়িগুলি এথানল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম হলেও কিছু লোক জনগণকে বিভ্রান্ত করছে। এথানল উৎপাদন না করা হলে পেট্রোল ও ডিজেলের জোগান বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

এথানল ব্যবহারের পক্ষে ব্রাজিলের উদাহরণ টেনে তিনি বলেন, ব্রাজিল বিশ্বে সর্বাধিক এথানল তৈরি করে এবং সেখানকার গাড়ি ১০০ শতাংশ এথানলে চলে, যাতে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয় না। ভারতের মোটর বিশেষজ্ঞদের মতেও এথানল ব্যবহারে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, তবুও এ নিয়ে অনর্থক বিরোধিতা করা হচ্ছে। নিজের মন্তব্যের পাশাপাশি ভারতের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমানে বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির হারের তুলনায় ভারতে মূল্যবৃদ্ধি সবচেয়ে কম এবং কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি। বিতর্কিত মন্তব্য ও চাঁছাছোলা বক্তব্য দেওয়ার জন্য পরিচিত জনার্দন মিশ্রের এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!