নিট বাতিলের দাবি: দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে মেডিকেলে ভর্তির আর্জি তামিলনাড়ু সরকারের

ডিডি ডিজিটাল ডেস্ক: নিট-ইউজি পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্ক ও প্রশ্নফাঁস কেলেঙ্কারির পটভূমিতে আবারও এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানাল তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, নিট বাতিল করে পুনরায় আগের মতো দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চিকিৎসা শিক্ষায় ভর্তি প্রক্রিয়া চালু করা হোক। তামিলনাড়ুর বিধানসভায় টিভিকে (টিভিকে) সরকারের প্রথম বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী এন মেরি উইলসন এই দাবি তোলেন। তিনি জানান, একের পর এক নিট প্রশ্নফাঁসের ঘটনা শিক্ষার্থী ও ব্যবস্থার জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। এর আগেও শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলির হাতে পূর্ণ ক্ষমতা দেওয়ার দাবি তুলেছিল দলটি।

মেডিকেল শিক্ষার ভর্তিতে নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সম্প্রতি দেশজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মে মাসে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় প্রায় ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে মে মাসের ১২ তারিখ পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয় এবং পরবর্তীতে জুনে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হয়। এর আগে ২০২৪ সালেও নিট-ইউজি পরীক্ষা ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিহার ও গুজরাটসহ একাধিক রাজ্য থেকে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় আন্দোলন ও পুনঃপরীক্ষার দাবি তীব্র হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যদিও সর্বোচ্চ আদালত পরীক্ষা বাতিল করেনি, তবে প্রশ্নফাঁস রোধে এবং সরকারি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছিল।

২০১৩ সালে অল ইন্ডিয়া প্রি-মেডিকেল টেস্ট-এর বিকল্প হিসেবে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া প্রথম ‘নিট’ চালু করে। তবে সে বছরই বেশ কিছু পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই পরীক্ষার ওপর স্থগিতাদেশ জারি করে। ২০১৬ সালে পুনরায় নিট ফিরিয়ে আনা হয় এবং ২০১৭ সাল থেকে এটি সম্পূর্ণভাবে প্রচলিত হয়। শুরুতে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এই পরীক্ষা পরিচালনা করলেও পরবর্তীতে এটি জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-এর অধীনে আনা হয়।

বিতর্কের মুখে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, নিট পরীক্ষার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এবং ভবিষ্যতে প্রশ্নফাঁস বা অন্য যেকোনো ধরনের অনিয়ম সম্পূর্ণ বন্ধ করতে ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচারপতি পি এস নরসিংহার নেতৃত্বাধীন বেঞ্চে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জমা দেওয়া একটি কমপ্লায়েন্স হলফনামায় জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সংস্কারসমূহ বাস্তবায়িত হচ্ছে। মে মাসে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, কীভাবে ভবিষ্যতে নিট পরীক্ষা আয়োজিত হবে এবং প্রক্রিয়ার উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!