TOP NEWS

রণসজ্জায় ডোমকল গণনা কেন্দ্র: সাঁজোয়া যান নিয়ে কড়া নিরাপত্তায় নির্ধারিত হচ্ছে প্রার্থীদের ভাগ্য

(ভোট গণনার নিরাপত্তায় সাঁজোয়া যান। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডোমকল মহকুমার তিন বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ শুরু আজ। সোমবার সকাল থেকেই ডোমকল গার্লস কলেজ চত্বর কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা।

ভোট গণনাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ডোমকল গার্লস কলেজে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রের চারদিকে পাহারায় রয়েছেন আধাসামরিক বাহিনীর জওয়ানেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় নামানো হয়েছে সাঁজোয়া যান। কেবল স্থলপথেই নয়, আকাশপথে ড্রোনের সাহায্যে চলছে কড়া নজরদারি, যাতে জমায়েত বা কোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আজ সকাল থেকেই ডোমকলের গণনা কেন্দ্রের সামনে রয়েছে সাজ সাজ রব। ডোমকল মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র—৬৩-রানিনগর, ৭৫-ডোমকল এবং ৭৬-জলঙ্গি-র প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারিত হবে আজই। সকাল হতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের গণনা কেন্দ্রের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কড়া তল্লাশি ও বৈধ পরিচয়পত্র পরীক্ষার পরেই তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রথম দফার নির্বাচনে রানিনগর, ডোমকল ও জলঙ্গি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। গত কয়েকদিন ধরে ইভিএম-বন্দি ছিল প্রার্থীদের ভাগ্য। আজ গণনা শুরু হতেই স্পষ্ট হবে সাধারণ মানুষ কার হাতে এলাকার উন্নয়নের চাবিকাঠি তুলে দিয়েছেন। এখন দেখার, ডোমকলের এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি কে হাসেন। দিনভর আমাদের নজর থাকবে প্রতি রাউন্ডের ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!