ডিডি ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিম—সমগ্র উত্তর-পূর্ব ভারত জুড়েই এই মুহূর্তে বন্যা এবং ধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ঘরছাড়া হয়েছেন হাজার হাজার পরিবার। এই মর্মান্তিক পরিস্থিতিতে গভীর শোকপ্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার এনডিএ সরকারের কড়া সমালোচনা করে তিনি অভিযোগ করেন, উত্তর-পূর্ব ভারতকে ‘বন্যামুক্ত’ করার যে গালভরা প্রতিশ্রুতি ‘ডাবল ইঞ্জিন’ সরকার দিয়েছিল, তা আজ সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে গেছে।
এক এক্স পোস্টে খাড়গে লেখেন, “অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে বিধ্বংসী বন্যা ও ভূমিধস বহু মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে এবং হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত ও বিধ্বস্ত করেছে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছি।” বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস সভাপতি অভিযোগ তোলেন, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রস্তুতি না থাকার কারণেই প্রতি বছর বন্যা এই অঞ্চলের একটি নিয়মিত অভিশাপে পরিণত হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, “উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ‘বন্যামুক্ত’ করার জন্য ‘ডাবল ইঞ্জিন’ এনডিএ সরকার যে সমস্ত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজ কর্পূরের মতো উড়ে গেছে। বন্যা এখন একটি বার্ষিক বিপর্যয়ে রূপ নিয়েছে, অথচ এটি মোকাবিলায় সরকারের প্রস্তুতি সামান্য এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের কোনো সদিচ্ছাই নেই।”
মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানান, মোদি সরকার এই পরিস্থিতিকে আর পাঁচটা রুটিন বা সাধারণ বিপর্যয় হিসেবে গণ্য করে দায় এড়াতে পারে না। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ, ব্যাপক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী ত্রাণের ব্যবস্থা করার জন্য অবিলম্বে ‘পিএম কেয়ার্স ফান্ড’-এর অর্থ ব্যবহার করার জন্য কেন্দ্রের কাছে জোর দাবি জানান কংগ্রেস সভাপতি। উদ্ধারকার্যে নিয়োজিত ভারতীয় সশস্ত্র বাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে খাড়গে বলেন, এই মানবিক সংকটের মাত্রা এতটাই বড় যে এর জন্য আরও অনেক শক্তিশালী সাড়ার প্রয়োজন। দুর্গতদের বাঁচাতে অতিরিক্ত কর্মী, সম্পদ এবং আর্থিক সহায়তা মোতায়েন করার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, কংগ্রেসের সমস্ত স্তরের নেতাকর্মী ও সমর্থকদের বন্যাকবলিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং ত্রাণকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের কারণে উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বিশেষ করে অরুণাচল প্রদেশের কেয়ি পান্যর জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নেমে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ব্যাপক সম্পত্তি নষ্ট হয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির জেরে লেকু নদী উপচে অসমের জোনাই অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছেন এবং বিঘার পর বিঘা কৃষিজমি ও গবাদি পশু জলের নিচে তলিয়ে গেছে।
