TOP NEWS

এনআইএ-র নতুন ডিজি নিযুক্ত হলেন আইপিএস রাকেশ আগরওয়াল

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-এর নতুন মহানির্দেশক (ডিজি) হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইপিএস অফিসার রাকেশ আগরওয়াল। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। হিমাচল প্রদেশ ক্যাডারের ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার বর্তমানে দেশের এই শীর্ষ সন্ত্রাসবিরোধী তদন্তকারী সংস্থায় স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি এনআইএ-র ডিজির অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার পূর্ণ সময়ের জন্য তাঁকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হলো।

কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশে জানানো হয়েছে, ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি (Appointments Committee of the Cabinet) রাকেশ আগরওয়ালের এই নিয়োগে অনুমোদন দিয়েছে। ২০২৮ সালের ৩১ আগস্ট তাঁর অবসরের দিন পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন।

দেশজুড়ে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এনআইএ-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ এই পুলিশ আধিকারিকের নেতৃত্বে সংস্থাটি আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!