TOP NEWS

জমি দখলের অভিযোগ, কলা গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা, ন্যায়ের দাবিতে থানায় কৃষক

(নিজের জমিতে দাঁড়িয়ে নষ্ট কলা গাছ দেখছেন কৃষক। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দু’পয়সার রোজগারের আশায় নিজের জমিতে কলা গাছ লাগিয়েছিলেন সারাংপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা পাড়ার বাসিন্দা মাফিকুল মণ্ডল। কিন্তু সেই জমি ঘিরেই এবার চরম হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। কৃষকের অভিযোগ, একদল জমি মাফিয়া তাঁর জমি জবরদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কলা গাছ কেটে নষ্ট করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ শতক জমিতে লাগানো সমস্ত কলা গাছ কেটে ফেলা হয়েছে। মাফিকুল মণ্ডলের দাবি, সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ একদল দুষ্কৃতী তাঁর জমিতে ঢুকে কলা গাছ কেটে দেয়। রাকিবুল, হাসিবুল ও রফিকুল-সহ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত।

কৃষকের বক্তব্য, “আমার জমি জোর করে দখল করার জন্যই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এই অন্যায়ের বিচার চাইছি।” সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই একদল জমি মাফিয়া তাঁর জমি হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তাঁর দাবি, নকল বা ডুপ্লিকেট নথিপত্র তৈরি করে ওই জমি তারা কিনে নিয়েছে বলে দেখানো হচ্ছে। তিনি কোনও দিনই তাঁর জমি কারও কাছে বিক্রি করেননি। ডেইলি ডোমকল-কে মাফিকুল মণ্ডল বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে এই জমিতে চাষবাস করে সংসার চালাচ্ছি। হঠাৎ করে বলা হচ্ছে, আমার জমি নাকি অন্য কেউ কিনে নিয়েছে। আমি যদি বিক্রিই না করে থাকি, তাহলে আমার জমি বিক্রি হলো কীভাবে?” জমি মাফিয়ারা পুলিশকে মোটা টাকা খাইয়ে এই ধরনের বেআইনি কাজ চালাচ্ছে বলেও অভিযোগ করেন কৃষক।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এটা চরম অন্যায়। এভাবে জমির গাছ কেটে দেওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ। যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!