TOP NEWS

‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে জোর, ওড়িশায় ফের হেনস্থা পরিযায়ী শ্রমিকদের

ডেইলি ডোমকল, ভুবনেশ্বর: ওড়িশার বালাসোর রেলস্টেশনে যাত্রীদের উপর হামলা, আধার কার্ড দেখাতে বাধ্য করা এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে জোর করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ওই সময় কয়েকজন পরিযায়ী শ্রমিক স্টেশনের ওয়েটিং হলে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, তখনই একদল দুষ্কৃতী তাঁদের ঘুম থেকে তুলে আধার কার্ড দেখাতে বাধ্য করে এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি যাত্রীদের জাগিয়ে তুলে আধার কার্ড দেখাতে বলছেন এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করছেন। যাত্রীদের হেনস্থার খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করে জিআরপির হাতে তুলে দেয়। গ্রেফতার হওয়া যুবকের পরিচয় সাগর জেনা। তিনি সদর থানা এলাকার অন্তর্গত গান্দারদা গ্রামের বাসিন্দা। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির (ওপিসিসি) সভাপতি ভক্ত চরণ দাস এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “বালাসোর রেলস্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, আধার পরীক্ষা এবং স্লোগান দিতে বাধ্য করার ঘটনা বিজেপির বিভাজনমূলক রাজনীতির সরাসরি ফল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি। ভয় ও সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি ওড়িশায় বরদাস্ত করা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!