TOP NEWS

“মোদীবাবু, কার শক্তি বেশি? আপনার নাকি বাংলার?”: সুপ্রিম রায়ের পর বিজেপিকে বিঁধলেন অভিষেক

ডেইলি ডোমকল, বারাসত: ভোটার তালিকায় ‘যৌক্তিক অসঙ্গতি’ (Logical Discrepancy) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসতে এক জনসভা থেকে এই ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশকে বিজেপির গালে ‘চপেটাঘাত’ বলেও বর্ণনা করেন তিনি।

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ভোটার তালিকায় যাদের নামে ‘অসঙ্গতি’র অভিযোগ উঠেছে, সেই তালিকা গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং ওয়ার্ড ভিত্তিক অফিসে জনসমক্ষে প্রদর্শন করতে হবে। এই রায়কে স্বাগত জানিয়ে অভিষেক বলেন, “আজ শীর্ষ আদালতের এই নির্দেশ ওদের (বিজেপি) মুখে ঝামা ঘষে দিয়েছে। আমরা বারবার দাবি তুলেছিলাম যে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে নোটিশ পাঠানো যাবে না। আদালত আমাদের সেই দাবিকেই স্বীকৃতি দিয়েছে।”

Read More: “মানুষকে হয়রানি করবেন না”: সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীকে নিশানা করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “মোদীবাবু, কার শক্তি বেশি? আপনার দম্ভ নাকি বাংলার ১০ কোটি মানুষের তেজ? আজ আমরা আপনাকে আদালতে হারিয়েছি। এবার তৈরি থাকুন আগামী বিধানসভা নির্বাচনে হারের জন্য। বাংলার মানুষ মাথা নত করতে জানে না, তাদের শিরদাঁড়া আছে।” তিনি আরও যোগ করেন, “আগামী নির্বাচনে আমরা ২৫০-র বেশি আসন জিতব এবং বিজেপি ৫০-এর নিচে নেমে যাবে।”

অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-র নামে ১ কোটি ৩৬ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এটাকে বিজেপির ‘পিছনের দরজার কৌশল’ বলে অভিহিত করে তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধনের এই প্রবল চাপ এবং উদ্বেগের কারণে গত দুই মাসে রাজ্যে ৯২ জন ভোটার মারা গিয়েছেন। আমরা এর শেষ দেখে ছাড়ব।”

এদিন মঞ্চ থেকে ভোটারদের সতর্ক করে অভিষেক বলেন, “বিজেপি টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে আসবে। আমি বলব, হাত জোড় করে সেই টাকা নিয়ে নিন, কিন্তু ভোটটা আমাদেরই দিন। যাতে ভোটের ফল বেরোনোর পর ওরা যোগ্য জবাব পায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!