TOP NEWS

অসমে ১৮ ঊর্ধ্বদের আধার কার্ডে ‘না’: সুরক্ষার দোহাই দিয়ে আমজনতাকে হয়রানির রূপরেখা!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: অসমে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং বিদেশী নাগরিকরা যাতে ভুয়ো নথিপত্র তৈরি করতে না পারে, তার জন্য এক কঠোর সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ঘোষণা করেছেন, রাজ্যে ১৮ বছরের বেশি বয়সী কোনো নাগরিককে আর নতুন করে আধার কার্ড ইস্যু করা হবে না। গুয়াহাটিতে ক্যাবিনেট বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, অবৈধ বাংলাদেশিরা যাতে কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হাতিয়ে নিতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে সাধারণ নিয়মে আধার কার্ড দেওয়া সম্পূর্ণ বন্ধ হলেও, বিশেষ কোনো পরিস্থিতি থাকলে আধার কার্ডের আবেদন করা যেতে পারে।

তবে সেই প্রক্রিয়া হবে অত্যন্ত জটিল। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে জেলা শাসকের কাছে উপযুক্ত কারণ দর্শাতে হবে। জেলা শাসক সেই আবেদনটি খতিয়ে দেখে একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। রাজ্য সরকার সমস্ত দিক বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেবে যে ওই আবেদনকারী আধার কার্ড পাওয়ার যোগ্য কি না। একমাত্র রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই আধার কার্ড ইস্যু করা হবে।

রাজ্যে আধার কার্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে আধার কার্ড দেওয়ার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “রাজ্যের বেশ কিছু জেলায় আধার কার্ড প্রাপকের সংখ্যা মোট জনসংখ্যার ১০০ শতাংশের গণ্ডিও পার করে গেছে। এই অতিরিক্ত আধার কার্ড কারা নিচ্ছেন, তা আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে। কোনো অবৈধ বাংলাদেশী যাতে এই কার্ড না পায়, সরকার তা কঠোরভাবে নিশ্চিত করবে।”

জানা গিয়েছে, তবে এই কড়া নিয়ম থেকে এখনই রাজ্যের দুটি বিশেষ সম্প্রদায়কে ছাড় দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অসমের চা বাগান অঞ্চলের শ্রমিক সম্প্রদায় এবং আদিবাসী বা তপশিলী উপজাতির বহু মানুষ এখনো আধার কার্ড পাননি। তাই তাঁদের সুবিধার জন্য আপাতত ১৮ বছর পার হলেও আধার কার্ড দেওয়া জারি থাকবে। তবে এই ছাড়ও চিরস্থায়ী নয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ কার্যকর হবে এবং ওই তারিখের পর থেকে চা বাগান ও আদিবাসী সম্প্রদায়ের ১৮ ঊর্ধ্ব ব্যক্তিদেরও আধার কার্ড দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অবশ্য, সব সম্প্রদায়ের ক্ষেত্রেই ১৮ বছরের কম বয়সী নাবালক ও শিশুদের আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই সচল থাকবে।

উল্লেখ্য, প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে আসাম সরকার যে অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করতে চলেছে, তার আভাস মুখ্যমন্ত্রী আগেই দিয়েছিলেন। গত বছরই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে আসামে আধার কার্ড পাওয়ার নিয়মাবলীকে আরও জটিল ও কঠোর করা হচ্ছে। ক্যাবিনেটের এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই কড়া আইনি পদক্ষেপেরই বাস্তবায়ন ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!