ডেইলি ডোমকল, নয়াদিল্লি: দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) বিপুল অঙ্কের ঋণ প্রতারণার ঘটনা সামনে এসেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্রায় ২,৪০০ কোটি টাকারও বেশি অঙ্কের ঋণ জালিয়াতির তথ্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-কে জানানো হয়েছে। এই প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে দুটি সংস্থার প্রোমোটাররা। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, পিএনবি-র নয়াদিল্লি শাখা থেকে এসআরইআই ইকুইপমেন্ট ফিন্যান্স লিমিটেডকে ১,২৪০.৯৪ কোটি টাকা এবং এসআরইআই ইনফ্রাস্টাকচার ফিন্যান্স লিমিটেডকে ১,১৯৩.০৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই বিপুল অঙ্কের ঋণকে ব্যাঙ্ক ‘বরোয়াল ফ্রড’ হিসেবে চিহ্নিত করেছে। ব্যাঙ্কিং পরিভাষায়, যখন কোনও ঋণগ্রহীতা ভুয়ো তথ্য প্রদান করে বা প্রতারণার উদ্দেশ্যে অর্থ অন্যত্র সরিয়ে নেয়, তখন তাকে বরোয়াল ফ্রড বলা হয়।
স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ফাইলিংয়ে পিএনবি জানিয়েছে, বকেয়া অর্থের সম্পূর্ণ পরিমাণের জন্য ব্যাঙ্ক ইতিমধ্যেই পূর্ণ প্রভিশন করেছে। পাশাপাশি জানানো হয়েছে, জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (NCLT)-এর অধীনে কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়া (CIRP)-র মাধ্যমে উভয় সংস্থার সমস্যার নিষ্পত্তি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এসআরইআই ইনফ্রাস্টাকচার ফিন্যান্স লিমিটেডের যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। ২০২৩ সালে সংস্থাটি স্বীকৃতি লাভ করে। তবে এর আগেই, ২০২১ সালে রিজার্ভ ব্যাঙ্ক এই দুই সংস্থার বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া শুরু করে এবং তাদের বোর্ড স্থগিত করে দেয়। জানা গিয়েছে, এই দুই সংস্থার মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ২৮ হাজার কোটি টাকা। এই ঘটনায় ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ ব্যবস্থাপনা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল।
