TOP NEWS

ইউক্রেন যুদ্ধে রাশিয়ারই জয় হবে: নববর্ষে সেনার মনোবল বাড়ালেন পুতিন

(Russian President Vladimir Putin || Photo Courtesy: RT/Screenshot)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়াই শেষ পর্যন্ত জয়ী হবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং দেশ তাদের বিজয়ে বিশ্বাসী। ইউক্রেনে যুদ্ধরত সেনাদের ‘নায়ক’ আখ্যা দিয়ে পুতিন বলেন, “আমরা তোমাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের জয়ে আমরা নিশ্চিত।”

প্রসঙ্গত, প্রায় চার বছর ধরে চলা রুম-ইউক্রেন সংঘাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশের সামরিক হতাহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছতে পারে বলে বিভিন্ন মহলের অনুমান। ইউক্রেনে মোতায়েন সেনা ও কমান্ডারদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ার লক্ষ লক্ষ মানুষ—বিশ্বাস করুন—এই মুহূর্তে আপনাদের কথাই ভাবছে।”

উল্লেখযোগ্যভাবে, ৩১ ডিসেম্বর পুতিনের ক্ষমতায় আসার ২৬ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালের নববর্ষের দিনেই তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পর রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভ্লাদিমির পুতিন। নববর্ষের এই টেলিভিশন ভাষণ রাশিয়ায় দীর্ঘদিনের একটি ঐতিহ্য। সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের আমল থেকে শুরু হওয়া এই প্রথা আজও বজায় রয়েছে। দেশের ১১টি টাইম জোনে মধ্যরাতের ঠিক আগে রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভাষণ সম্প্রচারিত হয় এবং কোটি কোটি মানুষ ঘরে বসে তা দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!