TOP NEWS

ভোটার তালিকা সংশোধন: নথি যাচাইয়ে আরও কড়া কমিশন, পর্যবেক্ষকদের প্রতিদিন রিপোর্ট পাঠানোর নির্দেশ

ডেইলি ডোমকল, কলকাতা: পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকার দাবি ও আপত্তি (Claims and Objections) নিষ্পত্তির প্রক্রিয়ায় তালিকা বহির্ভূত নথিপত্রকে বৈধ হিসেবে গ্রহণ করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এখন থেকে এই ধরণের প্রতিটি ঘটনার বিষয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার জন্য বিশেষ রোল অবজার্ভার (SRO) এবং মাইক্রো-অবজার্ভারদের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর সূত্রে খবর, কোনো অযোগ্য নথিকে বৈধতা দেওয়া হলে তা রিপোর্ট করার জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন:

১. শুনানির টেবিলে উপস্থিত কোনো মাইক্রো-অবজার্ভার যদি নথির গ্রহণযোগ্যতা নিয়ে নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিক (ERO) বা সহকারী আধিকারিকের (AERO) সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তবে তিনি প্রথমে তাঁর আপত্তির কারণ ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট আধিকারিককে জানাবেন।

২. যদি ERO বা AERO সেই আপত্তিকে গুরুত্ব না দেন, তবে মাইক্রো-অবজার্ভার বিষয়টি বিশেষ রোল অবজার্ভারকে (SRO) জানাবেন।

৩. SRO সেই আপত্তি খতিয়ে দেখে জেলা শাসক (DM) এবং জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে বিষয়টি উত্থাপন করবেন।

৪. জেলা শাসকদের সিদ্ধান্তের সঙ্গেও যদি SRO একমত না হন, তবে তিনি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশনকে তা জানাবেন।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে স্পষ্ট বার্তা

কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড একক পরিচয়পত্র (standalone document) হিসেবে গ্রহণ করা হবে না। যদি কোনো আবেদনকারী অ্যাডমিট কার্ড জমা দিতে চান, তবে তার সঙ্গে অবশ্যই মাধ্যমিকের উত্তীর্ণ হওয়ার শংসাপত্র বা পাস সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।

সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা

পশ্চিমবঙ্গে বর্তমানে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, নথি যাচাইয়ের এই কড়াকড়ি এবং আপত্তির কারণে শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা কিছুটা পিছিয়ে যেতে পারে। বর্তমান সময়সূচী অনুযায়ী, শুনানির শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি। তবে এই সময়সীমা ঠিক কতদিন বাড়ানো হতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!