ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আগ্রায় আনাস নামে এক যুবককে নৃশংসভাবে মারধরের ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত ২০ জানুয়ারি, মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, সন্তোষ নামে এক মদ্যপ ব্যক্তি আনাসের নাম জিজ্ঞাসা করে তিনি মুসলিম কি না তা নিশ্চিত হওয়ার পর তাঁর ওপর হামলা চালায়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবদেন অনুযায়ী, কমল খাঁ এলাকার বাসিন্দা আনাস তাঁর কাকা ফারদিনের সঙ্গে দিদিমার বাড়ি যাচ্ছিলেন। তাজগঞ্জ থানা এলাকায় সন্তোষ নামে এক ব্যক্তি তাঁদের পথ আটকায়। অভিযোগ, সন্তোষ আনাসের নাম জিজ্ঞাসা করে এবং এরপর “তুমি কি মুসলিম?”— এই প্রশ্নটি করেই লাঠি দিয়ে তাঁকে মারধর শুরু করে।
তাজগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, একই পাড়ার যুবকদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল যা ঘটনাস্থলেই আনাসের কাকা মিটমাট করে দিয়েছিলেন। তবে পরিস্থিতি শান্ত হওয়ার পর সন্তোষ পুনরায় ফিরে এসে ফারদিনের ওপর হামলা চালায় বলে সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গেছে। পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত সন্তোষ ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল। এটি কোনো সাম্প্রদায়িক বিষয় নয়। ফারদিনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।”
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিবৃতিতে আগ্রা পুলিশ জানিয়েছে, নাম জিজ্ঞাসা করে মারধর করার অভিযোগটি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়নি। বিভ্রান্তিকর খবর না ছড়ানোর জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী আনাসের দাবি ভিন্ন। তাঁর অভিযোগ, সন্তোষ তাঁর ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরেই মারধর শুরু করে, যার ফলে তিনি গুরুতর আহত হয়েছেন।
