ডেইলি ডোমকল, কলকাতা: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কোলেজিয়াম। সোমবার কোলেজিয়াম আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ পাঠায়।
বিচারপতি সুজয় পালের মূল আদালত মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেখান থেকেই তাঁকে গত বছরের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি (Acting Chief Justice) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কোলেজিয়ামের নথিতেও উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
কোলেজিয়াম সুপারিশের পর এখন কেন্দ্রীয় আইন মন্ত্রক ও রাষ্ট্রপতির অনুমোদন প্রক্রিয়া বাকি। অনুমোদন মিললেই বিচারপতি পাল আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন।
বিচারপতির কর্মজীবন
প্রবাসী বাঙালি পরিবারে জন্ম বিচারপতি পালের। বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। এলএস ঝা মডেল স্কুলে পড়াশোনা করেন বিচারপতি সুজয় পাল। পরে মধ্যপ্রদেশের জব্বলপুরের রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন বিচারপতি।
আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর ২০১১ সাল থেকে জব্বলপুরে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক পদে দায়িত্ব সামলেছেন বিচারপতি পাল। পরে তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করায় তাঁকে বদলি করা হয় তেলঙ্গানা হাইকোর্টে। ২০২৫-এর ২৬ মে বি আর গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধানগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলার শুনানি চলছে। আদালতের প্রশাসনিক স্থিতি বজায় রাখতে একজন পূর্ণাঙ্গ প্রধান বিচারপতির নিয়োগ জরুরি বলে আইনজগতের একাংশের অভিমত। বিচারপতি পালকে এই দায়িত্ব দেওয়ার সুপারিশ সেই প্রেক্ষিতেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
