ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। নাম ও পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছেন। নাম ও পদবির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও)। খসড়া তালিকায় যে সমস্ত ভোটারদের বা তাঁদের আত্মীয়দের নাম বা পদবিতে ভুল রয়েছে, তা দ্রুত সংশোধন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম ও পদবি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সংশোধনের জন্য যদি ভোটাররা বিএলও-দের উপযুক্ত নথি দেন, তবে কোনওরকম সমস্যা হবে না। শুনানিরও প্রয়োজন হবে না। ভোটারদের এই সমস্ত বুথভিত্তিক তথ্য অ্যাপ-এর মাধ্যমে বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, বিএলও অ্যাপে নতুন একটি ট্যাব যুক্ত করা হয়েছে। সেখানেই এই সন্দেহজনক ভোটারদের বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। ভোটারদের কাছ থেকে উপযুক্ত প্রামাণ্য নথি সংগ্রহ করে বিএলওদের ভুল সংশোধনের কাজ করতে হবে। এই সংশোধিত তথ্য আপলোড করতে হবে অ্যাপের মাধ্যমে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ভোটারকে ডিক্লারেশন ফর্মে সই করে জানাতে হবে যে, তিনি যে তথ্য জমা দিচ্ছেন তা সঠিক। ভোটারদের থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখবে ইআরও। যদি তা সঠিক হয়, তবে আর শুনানির মুখোমুখি হতে হবে না। কমিশন বলছে, ৩০ লক্ষ ভোটারের আত্মীয় বা নিজেদের নামও ২০০২ সালের তালিকায় নেই। সেইসব ভোটারদের নথিও সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে একটি অন্তত জমা দেওয়া বাধ্যতমূলক।
উল্লেখ্য, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটার। এর মধ্যে নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। সেই সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
