TOP NEWS

৯০ আসনে জয় প্রয়োজন, নচেৎ মসজিদ তৈরির স্বপ্ন অপূর্ণই থেকে যাবে: দল ঘোষণার আগে বাবরি আবেগে শান হুমায়নের

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গা: নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ন কবির। নতুন দল ঘোষণার একদিন আগে ফের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক। রবিবার তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিলেন হুমায়ন। একইসঙ্গে সমস্ত ‘তৃণমূল বিরোধী’ এবং ‘বিজেপি বিরোধী’ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানালেন তিনি। প্রাক্তন তৃণমূল নেতার বক্তব্য, আগামী বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ লড়াইয়ে রাজ্য থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে। ভরতপুরের বিধায়ক সাফ বলেন, “আমি বাংলায় তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা আগামী বছর মহাজোট নিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তবে, যদি কোনো শক্তি নিজেদেরকে সর্বেসর্বা মনে করে এবং নিজেদের অহংকার ত্যাগ করতে না পারে, তাহলে আমার দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।” হুমায়নের সাফ কথা, “প্রয়োজনে আমি পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেব। সেই শক্তি আমার আছে।” যেহেতু তাঁর বর্তমান পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে বেশ কয়েকবার ভাববেন বলেও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ন কবির।

রবিবার বহিষ্কৃত তৃণমূল নেতা সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কাজ হলো সংখ্যালঘু ভোটারদের একত্রিত করা। আমাদের লক্ষ্য অন্তত ৯০টি আসনে জয়লাভ করা। যাতে আগামী বছর বিধানসভা নির্বাচনের পর আমার দল নতুন সরকার গঠনে ভূমিকা রাখতে পারে। তা না হলে, মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরির স্বপ্ন হয়তো আমার অপূর্ণই থেকে যাবে।”

এদিন নতুন রাজনৈতিক দলের নামকরণ নিয়ে মুখ খোলেননি হুমায়ন। তবে প্রাক্তন তৃণমূল নেতা বলেছেন, নাম যাই হোক না কেন, তাঁর নতুন দলে ‘কংগ্রেস’ এবং ‘তৃণমূল’ শব্দ দুটির কোনও মিল থাকবে না। এদিকে নতুন রাজনৈতিক দলের লোগো পছন্দের বিষয়ে কথা বলেছেন হুমায়ন। তাঁর কথায়, “লোগো হিসেবে আমার প্রথম পছন্দ ‘টেবিল’, দ্বিতীয় পছন্দ ‘যমজ গোলাপ’। দুটোর একটিও না পেলে তৃতীয় অপশনের কথা ভাবব।” ভরতপুরের বিধায়ক বলছেন, “পশ্চিমবঙ্গের মানুষ ওই দলের সঙ্গে যুক্ত হতে পারবে। আমার দল জনগণের প্রতিনিধিত্ব করবে। আমাদের দল শুধু গণউন্নয়নের কথা বলবে।” সোমবারই নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন হুমায়ন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!