TOP NEWS

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বজুড়ে কড়াকড়ি: অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ইউরোপ ও তুরস্ক

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: তরুণ প্রজন্মের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গত বছর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর, বিশ্বজুড়ে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই আইন বলবৎ হওয়ার পর ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’ জানিয়েছে, তারা দেশটিতে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৩০ হাজার, ফেসবুকে ১ লক্ষ ৭৩ হাজার এবং থ্রেডস-এ ৩৯ হাজার অ্যাকাউন্ট রয়েছে। এক্স, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং রেডিট-সহ মোট ১০টি প্ল্যাটফর্ম এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

অস্ট্রেলিয়ার পথে ইউরোপ

অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে অনুসরণ করে বেশ কিছু ইউরোপীয় দেশও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। গত ৭ নভেম্বর ডেনমার্ক একটি প্রস্তাব সই করেছে, যেখানে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। স্পেন ২০২৪ সালের জুনে একটি বিল অনুমোদন করেছে যেখানে তথ্য সুরক্ষা সম্মতির আইনি বয়স ১৪ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। অন্যদিকে, ফ্রান্স এবং নরওয়ে ইতোমধ্যে ‘ডিজিটাল ম্যাচিউরিটি’ বা ডিজিটাল পরিপক্কতার ভিত্তিতে ব্যবহারের সীমা নির্ধারণ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও চিনের ভিন্ন কৌশল

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যবস্থার কারণে সেখানে বয়স যাচাইকরণ এবং অভিভাবকদের সম্মতির বিষয়টি একেক রাজ্যে একেক রকম। ফ্লোরিডা-সহ বেশ কিছু অঙ্গরাজ্য নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কথা ভাবছে।

তুরস্কেও ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে আলোচনা চলছে। দেশটির পরিবার ও সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোতাস জানিয়েছেন, সামাজিক নেটওয়ার্ক প্রদানকারীদের অবশ্যই ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার বন্ধ করতে হবে। জানুয়ারির শেষ নাগাদ এ সংক্রান্ত একটি খসড়া বিল সংসদীয় কমিটিতে জমা দেওয়া হতে পারে।

এদিকে চিন সম্পূর্ণ ভিন্ন এবং বিশ্বের অন্যতম কঠোর ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেছে। সেখানে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ডেটা ব্যবহারের ওপর কড়াকড়ি রয়েছে এবং নির্দিষ্ট কিছু সময়েই কেবল অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বয়সভেদে ব্যবহারের সময়ও নির্ধারিত:
🔹১৬-১৭ বছর: দৈনিক সর্বোচ্চ ২ ঘণ্টা।
🔹 ৮-১৫ বছর: দৈনিক ১ ঘণ্টা।
🔹 ৮ বছরের কম: মাত্র ৪০ মিনিট।
টিকটকের চিনা সংস্করণ ‘douyin’ ১৪ বছরের কম বয়সীদের জন্য অটোমেটিক ‘চাইল্ড মোড’ সক্রিয় করে দেয়, যেখানে বিজ্ঞান ও শিক্ষামূলক বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হয়। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চিনে আগে থেকেই নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!