TOP NEWS

অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজ্যজুড়ে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা, ডোমকলে স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা

(পরীক্ষা শেষে জলঙ্গির টিকরবাড়িয়া কাজী নজরুল হাইস্কুলে পড়ুয়ারা। || Image: Daily Domkal)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর প্রস্তুতির পর আজ রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মাধ্যমিক বোর্ড পরীক্ষা। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো ডোমকল মহকুমাতেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা পরীক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসন—সকলের জন্যই স্বস্তির বার্তা বলে মনে করা হচ্ছে।

মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং স্থানীয় প্রশাসন। ডোমকল মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই মোতায়েন ছিল কড়া পুলিশি পাহারা। পর্ষদের নির্দেশ অনুযায়ী, মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কেন্দ্রে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ফলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কড়াকড়িভাবে নজর রাখা হয়। স্থানীয় প্রশাসন জানায়, পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে বহিরাগতদের প্রবেশাধিকারে কড়া নজরদারি রাখা হশেছিল। স্থানীয় থানাগুলোর পুলিশ কর্মীরা তৎপরতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনো এক অভিভাবক রেজাউল ইসলাম বলেন, “ভয় ছিল যে পরীক্ষার দিনগুলোতে কোনো গোলমাল না হয়। কিন্তু প্রশাসনের তৎপরতায় সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এখন ছেলে-মেয়েদের রেজাল্টের অপেক্ষা।”

ডোমকল মহকুমার অন্তর্গত বিভিন্ন স্কুলে পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বুদবারও সকাল থেকেই অভিভাবকরা কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন, তবে পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ শান্ত ও উৎসবমুখর। দীর্ঘ সময় ধরে চলা পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের মুখে হাসির রেখা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পরীক্ষার্থীদের একাংশের কথায়, প্রশ্নপত্র গত বছরের তুলনায় সহজ বা মাঝারি মানের হয়েছে। কোনো কেন্দ্র থেকেই প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দফতরের এক কর্তা বলেন, “প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক ছিলেন এবং সিসিটিভি ক্যামেরা বা ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!