TOP NEWS

অসমে চা শ্রমিকদের সঙ্গে পাত্তা তুললেন মোদি, কংগ্রেসকে বিঁধে ‘হ্যাটট্রিক’-এর হুঙ্কার

(Image: X/@narendramodi)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের ঠিক আগে অসমে ঝোড়ো প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ডিব্রুগড়ে একটি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি। মাথায় টুপি পরে এবং পিঠে ঝুড়ি বেঁধে মহিলা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন সকালে ডিব্রুগড়ের চা বাগানে এক অন্য মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। চা শ্রমিকদের পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “চা হলো অসমের আত্মা”। পরে ‘এক্স’-এ ছবি শেয়ার করে তিনি লেখেন, “প্রতিটি চা বাগান পরিবারের প্রচেষ্টায় আমরা গর্বিত। তাঁদের কঠোর পরিশ্রম অসমের গৌরব বাড়িয়েছে। আজ সকালে চা বাগানের নারী কর্মীদের সঙ্গে কাটানো সময়টি অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।” শ্রমিকদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি তাঁদের সংস্কৃতির কথা শোনেন এবং হাসিমুখে নিজস্বী (সেলফি) তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

পরে গোগামুখের এক জনসভায় যোগ দিয়ে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী। রাহুল গান্ধিকে কটাক্ষ করে মোদি বলেন, “এবারের নির্বাচনে কংগ্রেসের স্বঘোষিত যুবরাজের পরাজয়ের সেঞ্চুরি পূর্ণ হবে।”

প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেন, সর্বানন্দ সোনোয়াল এবং পরবর্তীতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উন্নত ভারত গড়ার লক্ষ্যে উন্নত অসম গড়া জরুরি। তাই রাজ্যে বিজেপি-এনডিএ জোটের ‘হ্যাটট্রিক’ জয় নিশ্চিত। মোদি বলেন, “একদিকে বিজেপির জয়ের হ্যাটট্রিক নিশ্চিত, অন্যদিকে কংগ্রেসের পরাজয়ের হ্যাটট্রিকও সময়ের অপেক্ষা।” উল্লেখ্য, অসমের ১২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ই এপ্রিল। এক দফাতেই রাজ্যে নির্বাচন সম্পন্ন হবে। ভোটের ফলাফল এবং গণনা হবে আগামী ৪ঠা মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!