নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলের রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন তীব্র হয়ে উঠেছিল—তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর নাকি পদ্মশিবিরে পা বাড়ানোর জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রাখছেন। ঠিক এই আবহে সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ডোমকলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি জল্পনাই সত্যি হতে চলেছে? প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা কি তবে সত্যিই বিজেপিতে যোগদান করতে চলেছেন?
ভাইরাল হওয়া এই ছবিতে ডোমকলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের যাঁর সাথে দেখা গেছে, তিনি হলেন বিজেপির প্রবীণ নেত্রী তথা কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বর্তমানে ভারতের ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস’-এর চেয়ারপার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব সামলাচ্ছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। চলতি বছরের ১৮ মার্চ তিনি এই পদে নিযুক্ত হন। এর আগে তিনি মোদী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ সামলেছেন জ্যোতি। এমন একজন হেভিওয়েট বিজেপি নেত্রী তথা সাংবিধানিক পদাধিকারীর সাথে ডোমকলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের এই একান্ত সাক্ষাৎ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।
এই চাঞ্চল্যকর ছবিকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অন্দরে জল্পনা চলছে, তখন এই সাক্ষাতের প্রকৃত উদ্দেশ্য বা প্রেক্ষাপট কী ছিল—তা নিয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটিকে কোনো সৌজন্য সাক্ষাৎ নাকি পর্দার আড়ালে বড় কোনো রাজনৈতিক দলবদলের ব্লু-প্রিন্ট, তা নিয়ে চর্চা চলছে তুঙ্গে।
