TOP NEWS

ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ, ‘সর্বদা পাশে আছি’ অভয় দিলেন অধীর

(ওডিশার সম্বলপুরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ অধীর চৌধুরীর। || নিজস্ব চিত্র)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওডিশার সম্বলপুরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রবিবার বাংলার পরিযায়ীদের সঙ্গে দেখা করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘সমান্তরাল পুলিশিং’-এর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, কিছু জায়গায় বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠী বাংলা ভাষাভাষী শ্রমিকদের কাছ থেকে পরিচয়পত্র দেখাতে বাধ্য করছে। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, কংগ্রেস সব সময় তাঁদের পাশে রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, “আমি এখানে কয়েকজন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের জানিয়েছি যে কংগ্রেস তাঁদের সঙ্গে আছে। পাশাপাশি বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরেও আনা হয়েছে।”

সম্বলপুরে গত মাসে মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা মুসলিম পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন অধীর চৌধুরী। অভিযোগ, হামলাকারীরা তাঁকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে আধার কার্ড দেখাতে বলেছিল। যদিও স্থানীয় পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিন অধীর বলেন, “কিছু রাজ্যে সমান্তরাল পুলিশিং ব্যবস্থা গড়ে উঠছে, যেখানে বেসরকারি লোকজন পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেখাতে বলছে। এটি বন্ধ করা অত্যন্ত জরুরি। কাউকে শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে যেন দুষ্কৃতীরা হেনস্থা করতে না পারে, তা পুলিশকে নিশ্চিত করতে হবে।” কংগ্রেস নেতার দাবি, তিনি এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও উপস্থাপন করেছেন। পাশাপাশি ওডিশার বাসিন্দা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সম্বলপুরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির দৃষ্টি আকর্ষণ করার কথাও জানিয়েছেন তিনি। বহরমপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য, “বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য আমি লড়াই চালিয়ে যাব।”

এদিন তিনি স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গেও বৈঠক করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে তাঁদের সজাগ থাকার আহ্বান জানান। একদিনের সম্বলপুর সফরে অধীর চৌধুরী উত্তর রেঞ্জের আইজি হিমাংশু কুমার লাল এবং সম্বলপুরের পুলিশ সুপার মুকেশ কুমার ভামুকের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, রবিবার অধীর চৌধুরী আইন্থাপালি থানার অধীন ধানিপালি এলাকায় যান এবং সেখানে কয়েকজন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেন। তাঁরা গত বছর ২৪ ডিসেম্বর জুয়েল শেখকে কুপিয়ে হত্যার স্থানটিও পরিদর্শন করেন। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথোপকথনে অধীর চৌধুরী তাঁদের খোঁজখবর নেন এবং ওডিশায় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের মধ্যে শতাব্দীপ্রাচীন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই রাজ্যের মধ্যে হাজার হাজার শ্রমিক কাজ করতে যাতায়াত করেন। তবে তিনি অভিযোগ তোলেন, “বাংলাদেশি অনুপ্রবেশের নামে এখন পরিস্থিতি নেতিবাচক দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা নির্যাতন, হিংসা এবং হত্যার শিকার হচ্ছেন। এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, জীবিকার সন্ধানে শ্রমিকরা ভিনরাজ্যে যান, তাই তাঁদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা উচিত নয়। “অনুগ্রহ করে সব বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি বলে মনে করবেন না,”—এই আবেদনও জানান অধীর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!