TOP NEWS

রাজ্যে আরও এক বিএলও–র মৃত্যু, কাজের চাপেই আত্মহত্যা ভগবানগোলার শিক্ষকের!

(প্রতীকী ছবি)

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের ভগবানগোলায় আরও এক বুথ স্তরের আধিকারিক (BLO)–এর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংযোজন (SIR)–এর কাজের চাপে আত্মহত্যা করেছেন পেশায় শিক্ষক হামিমুল ইসলাম। রানিতলা থানার পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ় স্কুলের প্রধানশিক্ষক হামিমুলের বাড়ি ভগবানগোলার আলাইপুরে। শনিবার স্কুলের একটি শ্রেণিকক্ষ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, হামিমুল খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথের বিএলও হিসেবে কাজ করতেন। শনিবারও স্কুলে গিয়েছিলেন তিনি। কিন্তু স্কুল ছুটির বহুক্ষণ পরেও বাড়ি না ফিরলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। শেষ পর্যন্ত স্কুলেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামিমুলের দাদা ফরমানুল ইসলামের বলেছেন, “বিএলও–র কাজ নিয়ে ভাই প্রচণ্ড মানসিক চাপে ছিল। স্কুলের দায়িত্বের পাশাপাশি এসআইআরের কাজের চাপ ওকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।”

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং পরিবারের দাবিও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!