নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় ভোটার তালিকা সংশোধনী (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপে এক বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষিকার নাম মায়া মুখোপাধ্যায় (৫৮)। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের দাবি, কাজের পাহাড়প্রমাণ চাপ ও আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
মৃতার ছোট ছেলে রুবেল মণ্ডল অভিযোগ করেন, BLO-র দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কাজের উদ্বেগ ও চাপ সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। রুবেল বিস্তারিত জানিয়ে বলেন, “২৫১ নম্বর বুথে মায়ের অধীনে ৮৩০ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৩২০ জনের হিয়ারিং নোটিস আসে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট পরিবারগুলির আক্রোশের আশঙ্কায় মা সবসময় আতঙ্কে থাকতেন। বারবার বলতেন, এই চাপ আর সহ্য করতে পারছেন না।” পরিবারের অভিযোগ, এই অতিরিক্ত মানসিক চাপ থেকেই বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন মায়া মুখোপাধ্যায় এবং তাঁর মৃত্যু হয়।
হরিহরপাড়ার বিডিও সেরিং জাম ভুটিয়া বলেন, “একজন বিএলও-র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শুনেছি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে আমাদের তরফে প্রতিনিধি পাঠানো হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ চড়েছে।
