TOP NEWS

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষায় দেশ

ডেইলি ডোমকল, ঢাকা: গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবিধানিক সংস্কারের জন্য গণভোট বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোটের হার ও নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়ার হার ছিল ৪৭.৯ শতাংশ। তবে চূড়ান্ত ভোটার উপস্থিতির হার সব কেন্দ্র থেকে কাগজপত্র জমা পড়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রায় এক লক্ষাধিক সেনাবাহিনীসহ ১০ লক্ষাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

শান্তিপূর্ণ পরিবেশ ও বিচ্ছিন্ন ঘটনা

নির্বাচনের দিনটি মূলত শান্তিপূর্ণ থাকলেও বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এবং গোপালগঞ্জ সদরে একটি কেন্দ্রে ছোটখাটো ককটেল হামলার খবর পাওয়া গেছে। এছাড়া বিচ্ছিন্ন ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে সার্বিক পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজরদারি ছিল।

প্রার্থীদের প্রতিযোগিতা ও ভোটের সমীকরণ

এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের ২,০৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে সরাসরি ভোটগ্রহণ হয়েছে, এবং ৫০টি সংরক্ষিত নারী আসনসহ মোট সংসদ সদস্য সংখ্যা ৩৫০। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় মূল লড়াইটি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী সমর্থিত জোটের মধ্যে। সকালে ঢাকার বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতা তারিক রহমান এবং জামায়াতে ইসলামীর শফিকুর রহমান ভোট প্রদান করেন।

মুহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়া

ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। ভোট প্রদানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এই নির্বাচনকে অত্যন্ত “শান্তিপূর্ণ ও উৎসবমুখর” বলে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।” এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রায় ১৯৭ জন বিদেশি সাংবাদিক ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!