TOP NEWS

‘ভালোবাসা ও সম্প্রীতি’র বার্তা, ডোমকলে উৎসবমুখর পরিবেশে সূচনা বই ও পৌরমেলার

(প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে বই ও পৌর মেলার শুভসূচনা। || নিজস্ব চিত্র।)

সুরাইয়া সুমি সরকার, ডোমকল: উৎসবমুখর পরিবেশে বুধবার ডোমকলে শুভ উদ্বোধন হলো অষ্টম ডোমকল বই ও পৌরমেলা। এদিন থেকে বইপ্রেমী, পাঠক ও সাধারণ দর্শকদের জন্য খুলে গেল এই মেলার দরজা, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এবছরের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভঙ্কর বালা, মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ সহ একাধিক সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেরা। বইপ্রেমীদের পাশাপাশি শিল্প-সংস্কৃতির অনুরাগীদের আকৃষ্ট করতে এবছর মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে লোকশিল্প এবং নবীন শিল্পীদের অংশগ্রহণে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ আবু তাহের খান বলেন, আগামী পাঁচ দিন ধরে এই বইমেলা অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষানুরাগী মানুষ, এলাকার বইপ্রেমী, সাহিত্যিক, কবি ও লেখকদের সক্রিয়ভাবে এই মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “এক সময় ডোমকলের মানুষের ঘুম ভাঙত বোমার শব্দে, কিন্তু বর্তমানে ডোমকল শান্তিপ্রিয় জনপদের পরিচয় পেয়েছে। এখন এখানকার বাতাসে মিশে রয়েছে ভালোবাসা ও সম্প্রীতি। ডোমকলের সার্বিক উন্নয়নের পাশাপাশি বই ও পাঠচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আশাবাদী যে সকলের সহযোগিতায় এই বইমেলা সার্থক হবে।”

ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা জানিয়েছেন, বইমেলাকে কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবৃত্তি, অঙ্কন, বিতর্ক, সংগীত, কুইজ, শ্রুতি লিখন এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী।

এদিকে আয়োজকদের মতে, এই প্রতিযোগিতাগুলি স্থানীয় শিশু-কিশোর ও স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের শিল্পচর্চা ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে। চারদিনব্যাপী বইমেলার কর্মসূচিতে থাকছে কবি সম্মেলন, কবিতা পাঠের আসর এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেলার অন্যতম আকর্ষণ। সাহিত্যিক আশিকুল আলম বিশ্বাস জানান, এবারের অষ্টম ডোমকল বই ও পৌরমেলা এলাকার সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে এবং বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর সমাগম ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!