TOP NEWS

সোশাল মিডিয়া নয়, প্রকৃত জ্ঞান অর্জনের ভান্ডারই বই: তরুণদের বার্তা মহকুমা শাসকের

(বই ও পৌরমেলার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহকুমা শাসক শুভঙ্কর বালা। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলের বই ও পৌরমেলার মঞ্চ থেকে বইপাঠের গুরুত্ব এবং পরিচ্ছন্ন শহর গঠনের আহ্বান জানালেন ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের উচিত নিয়মিত বই পড়া এবং বইপাঠের ধারাবাহিকতা বজায় রাখা। তিনি বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে বই উপহার দেওয়ার মাধ্যমে পাঠাভ্যাসকে আরও উৎসাহিত করার পরামর্শ দেন।

মহকুমা শাসকের কথায়, “অনেকেই মনে করেন সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যই জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য বই পড়া একটি অপরিহার্য মাধ্যম। যারা জীবনে এগিয়ে যেতে চান এবং কিছু অর্জন করতে চান, তাঁদের অবশ্যই বইয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, আগামী পাঁচ দিন ধরে বইমেলার সঙ্গে সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ডোমকলের পাশাপাশি বাইরের বিভিন্ন সংস্থা ও শিল্পীরাও অংশগ্রহণ করবেন। এর ফলে বইমেলার আকর্ষণ আরও বাড়বে। বালা বলেন, “বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। আপনার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আপনাকেই উদ্যোগী হতে হবে।” বইমেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডোমকল পুরসভা নিরলসভাবে কাজ করছে বলেও জানিয়েছেন মহকুমা শাসক তথা পুরপ্রশাসক শুভঙ্কর বালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!